ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত এম ইউ আহম্মেদকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়ে আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
শুক্রবার দুপুরে ওই হাসপাতালেই মারা যান হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদ।
এম ইউ আহম্মেদের মৃত্যুর পর স্কয়ার হাসপাতালে ভিড় জমান বিএনপি সমর্থক আইনজীবীরা। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেনও রয়েছেন সেখানে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিকাল ৫টার দিকে হাসপাতালে যান। তার সঙ্গে কয়েকজন পুলিশও ছিলো। তাকে দেখে বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ করে উঠলে পুলিশ পাহারায় লিফটে উঠে পড়েন। তখন এক দল আইনজীবীও সিঁড়ি দিয়ে হৈ চৈ করে উঠে পড়েন। তবে পুলিশের বাধায় তারা অ্যাটর্নি জেনারেলের কাছে যেতে পারেননি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম ঢোকার পর হাসপাতালের ফটকে অবস্থান নেন আইনজীবীরা। তারা অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে স্লোগানও দেন।
সিসিইউতে প্রয়াত আইনজীবীকে দেখে আধা ঘণ্টা পর পুলিশ পাহারায়ই হাসপাতাল ছাড়েন মাহবুবে আলম।
জামিনে মুক্তির পর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম ইউ আহম্মেদের মৃত্যু হলেও বিএনপির অভিযোগ, গত ১১ অগাস্ট গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই এ আইনজীবীর মৃত্যুর কারণ।
অ্যাটর্নি জেনারেলের আসার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "ভেতরে এক জন ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা ধারণা করছি, লাশের সুরতহাল রিপোর্টে নির্যাতনের চিহ্ন গোপন করার পরিকল্পনা বাস্তবায়নেই অ্যাটর্নি জেনারেল এসেছিলেন।"
তিনি বলেন, "আমরা মনে করি, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠছিলো, তাকে স্তব্ধ করতেই এম ইউ আহম্মেদকে হত্যা করা হয়েছে।"
"স্কয়ার হাসপাতালে পুলিশ না থাকলেও তাকে গ্রেপ্তারের পর আমরা তার জামিন পাইনি, সুতরাং পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছে", বলেন মাহবুব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ সাংবাদিকদের বলেন, "এক জন নিরাপরাধ এবং নিরীহ ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা তার আগাম জামিনের আবেদন করেছিলাম সেই আবেদন আদালতে বিবেচনাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।"
সাধারণত আদালতে কারো জামিন আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় কাউকে গ্রেপ্তার করা হয় না। কিন্তু পুলিশ সে ঐতিহ্য ভঙ্গ করে তাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মওদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24