২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু

হাইকোর্টে হট্টগোলের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে। অভিযোগ এসেছে, নির্যাতনই তার মৃত্যুর কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে। অভিযোগ এসেছে, নির্যাতনই তার মৃত্যুর কারণ। শুক্রবার দুপুরে ১টার দিকে স্কয়ার হাসপাতালে এম ইউ আহম্মেদের মৃত্যু হয় বলে বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, পুলিশি নির্যাতনের কারণেই এ আইনজীবীর অকাল মৃত্যু হয়েছে। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদকে (৫২) গত ১১ অগাস্ট সেগুন বাগিচায় তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়। তবে পুলিশ তখন বলেছিলো, ওই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছে। গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়। এরপর পুলিশ বাদি হয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে দুটি মামলা করে। এর একটি মামলায় আসামি করা হয় এম ইউ আহম্মেদকে। তবে গত ১৭ আগস্ট ওই মামলায় অন্য আইনজীবীদের সঙ্গে জামিন পেয়েছিলেন এমইউ আহমেদও। তখন সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ আরো তিন আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়েছিলো। তবে জামিনের পর ছাড়া পেয়েছিলেন তারা। এম ইউ আহম্মেদ অসুস্থ থাকায় তার স্ত্রী সেলিনা আহম্মেদের রিট আবেদনে গত ২১ অগাস্ট হাইকোর্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অন্য যে কোনো হাসপাতালে সরকারি খরচে ওই আইনজীবীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলে। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়েছে। 'প্রয়োজনে' এম ইউ আহম্মেদকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছিলো হাইকোর্ট। এ ছাড়া গ্রেপ্তারকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়েছিলো আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/এলএইচ/এমআই/১৩১৮ ঘ.