২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চট্টগ্রামের বাসস্ট্যান্ড পরিবর্তন

বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট নিরসনে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি রুটের বাস টার্মিনাল সরিয়ে দিয়েছে সিডিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট নিরসনে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি রুটের বাস টার্মিনাল সরিয়ে দিয়েছে সিডিএ। আগে এসব বাস বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছাড়লেও শুক্রবার কর্ণফুলী সেতুর উত্তর পশ্চিম পাাশে স্থাপিত অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের বাস চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বিকাল ৪টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবুল কাশেম এ সময় উপস্থিত ছিলেন। সিডিএ চেয়ারম্যান ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে গত মঙ্গলবার সিএমপি সদর দপ্তরে সিডিএ, সিএমপি এবং বহদ্দারহাট বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, লোহাগাড়া, বাঁশখালী এবং বরকল-বরমা-বৈলতলী এ পাঁচ রুটে চলাচলরত বাস, মিনিবাস ও কোস্টারের জন্য কর্ণফুলী সেতুর উত্তর পশ্চিম পাশে নতুন এ অস্থায়ী টার্মিনাল তৈরি করেছে সিডিএ। তবে উত্তর চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানগামী বাস আগের মতোই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে। সিডিএ চেয়ারম্যান জানান, বহদ্দারহাট মোড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজে সড়কের বড় একটি অংশ ব্যবহৃত হচ্ছে। এতে ওই এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হয়। তিনি বলেন, যানজটের অন্যতম কারণ হলো- দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক রুটের যানবাহনগুলো দিনে কয়েকবার বহদ্দারহাট টার্মিনালে যাওয়া আসা করে। এতে সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিক বেড়ে যায়। সড়কে যানবাহনের চাপ কমাতে বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত যাত্রীবাহী যানবাহন চলাচলে ওয়ানওয়ে পদ্ধতি অনুসরণ করা হবে এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান ছালাম। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া বাসগুলো তৃতীয় কর্ণফুলী সেতু হয়ে নগরী ছেড়ে যাবে এবং কালুরঘাট সেতু হয়ে নগরীতে ঢুকবে। ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করে সিডিএ চেয়ারম্যান বলেন, ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষে দক্ষিণ চট্টগ্রামের বাস-মিনিবাস আবার বহদ্দারহাট টার্মিনাল ব্যবহার করে চলাচল করবে। ২০১০ সালের জুলাই মাসে বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে সিডিএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১৭৩৬ ঘ.