২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩৬৭ কিমি সড়ক বেহাল

সরকারি হিসাবে চট্টগ্রামের ৮৬১ কিলোমিটার সড়কের মধ্যে ৩৬৭ কিলোমিটারই বেহাল। কিন্তু বাস্তবে অবস্থা এর চেয়েও বেশি খারাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসাবে চট্টগ্রামের ৮৬১ কিলোমিটার সড়কের মধ্যে ৩৬৭ কিলোমিটারই বেহাল। কিন্তু বাস্তবে অবস্থা এর চেয়েও বেশি খারাপ। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন চট্টগ্রাম জেলায় মোট ৩৬৭ কিমি পাকা সড়কের মধ্যে ২৫০, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এলাকায় ৪২৮ কিমি'র মধ্যে ১০০ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬৬ কিমি'র চট্টগ্রাম অংশে ১৭ কিলোমিটার সড়কের অবস্থা বেশি খারাপ বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাষ্য। এর মধ্যে সিসিসি'র প্রকৌশলীরা নিজেরাও জানেন না নগরী কয়টি বা কত কিলোমিটার সড়ক খারাপ। তারা অনুমানের ওপরই নগরীর ১০০ কিলোমিটার সড়ক সংস্কার উপযোগী বলে ধারণা করছেন। ঈদের আগে বেহাল সড়কের সংস্কারে সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্যোগ নিলেও বিশেষ বরাদ্দ পায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা ঈদকে সামনে রেখে সংস্কার কাজ শুরুর দাবি করলেও পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও বিশেষজ্ঞরা বলছেন, তা হবে ক্ষণস্থায়ী। এতে জনদুর্ভোগ কমবে না। হিসাব অনুযায়ী, সওজ এর অধীন ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-রাঙামাটি দুটি মহাসড়কের চট্টগ্রাম অংশের দৈর্ঘ্য ১৩২ কিমি। এর মধ্যে যথাক্রমে ১৭ কিমি ও ৩০ কিমি সড়ক সংস্কারের জন্য চিহ্নিত করেছে চারলেন প্রকল্পের ঠিকাদার ও সওজ। ঢাকা-চট্টগ্রাম সড়কের ৬৬ কিমি চার লেন প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীন। সরেজমিনে দেখা যায়, সওজের অধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই এর বিভিন্ন অংশ, চট্টগ্রাম থেকে হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জেলার অংশের পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ এবং চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান অংশে সড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে। এছাড়া নগরীর কালুরঘাট সেতু পর্যন্ত আরাকান সড়ক, জাকির হোসেন রোড, বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত সড়ক, সিডিএ এভিনিউর অংশ বিশেষ, পোর্ট কানেকটিং রোড, কাপাসগোলা, হালিশহর সিডিএ আবাসিক এলাকার সড়ক, সিরাজদ্দৌলা সড়ক, চৌমুহনী থেকে আগ্রাবাদ এক্সেস সংযোগ সড়ক, এনায়েত বাজার থেকে মোমিন রোড, বাকলিয়া এলাকার বিভিন্ন সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক তিন মাস ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল মিল, মাদামবিবির হাট, বড় দারোগাহাট, সীতাকুণ্ড বাইপাস, নিজামপুর কলেজ, মিরসরাই বাজার, হাদি ফকিরহাট ও বারৈয়ারহাট অংশে সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। গর্তের সাথে যোগ হয়েছে সড়কের উঁচু-নিচু অংশ। এসব এলাকায় সড়কের একপাশের অংশ উঁচু হয়ে আছে। রাস্তার মাঝের অংশ পাশের অংশের তুলনায় নিচু। আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানোর এখন আর নির্দিষ্ট সময় নেই। "সড়ক খারাপ হওয়ায় ৩২ থেকে ৩৫ হাজার টাকায় কেনা নতুন টায়ার কয়েক দিনের মধ্যেই ফেটে যায়। গত তিন মাস ধরে মহাসড়কের অবস্থা ক্রমান্বয়ে খারাপই হচ্ছে। নির্ধারিত সময়ে মালামাল পৌঁছানো যাচ্ছে না।" ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুলাই মাসের মাঝামাঝি থেকেই সড়কের সংস্কার কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। বেহাল ১৭ কিমির মধ্যে বড় দারোগারহাট, নিজামপুর কলেজ, মিরসরাই বাজার ও হাদি ফকিরহাট অংশের অবস্থা বেশি খারাপ বলে জানান তিনি। চুক্তি অনুসারে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারের কাজ জানিয়ে স্বপন আশা প্রকাশ করেন, ঈদের আগেই মেরামত শেষ হবে। তড়িঘড়ি করে এ মেরামতের বিষয়ে ট্রাক-কভার্ড ভ্যান মালিক সমিতির নেতা দ্বীন মোহাম্মদ বলেন, "বৃষ্টির মধ্যেই কিছু ইট দিয়ে কোনো রকমে মেরামত হচ্ছে। তা ঠিক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারী যানবাহনের চাপে তা আগের চেয়ে খারপ হয়ে পড়ে।" আড়াইশ কিমি সংস্কারে বরাদ্দ সোয়া তিন কোটি সওজের অধীনে চট্টগ্রাম জেলায় জাতীয় মহাসড়ক দুটি, আঞ্চলিক মহাসড়ক তিনটি ও জেলা সড়ক ১৫টি। সওজ'র নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহে সংস্কারের জন্য মোট ৩ কোটি ৩০ লাখ টাকা পাওয়া গেছে। এর মধ্যে সংস্কার খাতে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং বিভাগীয় মেরামত খাতে ৫৫ লাখ টাকা। অর্থ বছরের শুরুতে খারাপ ও বন্যা কবলিত সড়ক সংস্কারে ২৫ কোটি টাকা চেয়েছিলো সওজ। "সে অনুসারে কোনো বরাদ্দই আসেনি। বরাদ্দ পাওয়া তিন কোটি ৩০ লাখ টাকায় সংস্কার কাজ পরিচালনায় অগ্রাধিকার তালিকা তৈরি করা হচ্ছে", বলেন সওজ'র বিভাগীয় হিসাব রক্ষক আব্দুল মোতালেব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে বিভাগীয় সভায় চলতি বছরের সংস্কারের জন্য মোট ২৫০ কিমি সড়ক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩০ কিমি, আঞ্চলিক মহাসড়ক ১৩০ কিমি ও ৯০ কিমি জেলা সড়ক। চট্টগ্রাম-হাটহাজারী সড়ক ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অক্সিজেন মোড়, বালুছড়া, বড় দীঘির পাড়, চৌধুরীহাট, নন্দিরহাট এবং হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় ভাঙা সড়ক বেশি। হাটহাজারী থেকে রামগড় সড়কের মিরের হাট, নাজিরহাট বাস স্ট্যান্ড, ভুজপুর বৈদ্যেরহাট বাজার, কাজীরহাট ও নারায়ণ হাট-হেয়াঁকো এলকার সড়কও ভাঙা। এ সড়ক দিয়েই চলাচল করে পার্বত্য জেলা খাগড়াছড়িগামী যানবাহন। নগরীতে একটি সড়ক সংস্কার বন্দর নগরীর বেশ কিছু প্রধান সড়ক ও অলিগলির পরিস্থিতি বেহাল হলেও শুধু বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের সংস্কার কাজ শুরু করেছে সিটি করপোরেশন। নগরীর অধিকাংশ সড়কের অবস্থা খারাপ হলেও সিসিসি এখনো সুনির্দিষ্ট করতে পারেনি। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তা খারাপ হওয়ার হিসাব ধরে খারাপ সড়কের আনুমানিক হিসাব করেছে সিসিসি। সিসিসি'র হিসাবে নগরীতে পাকা সড়ক ৪২৮ কিলোমিটার। বিশ্বকাপ ক্রিকেটের আগে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে নগরীর প্রায় ৫০ কিমি সড়ক সংস্কার এবং নতুন করে কার্পেটিং হয়। নতুন করে কাজ করা অধিকাংশ সড়কেরই কার্পেটিং উঠে গেছে। এ প্রসঙ্গে সিসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাড়াহুড়ার কারণে হয়তো কিছু ক্ষেত্রে ভালোভাবে কাজ করা সম্ভব হয়নি। "জাকির হোসেন সড়কটি ঠিকাদারই ঠিক করে দেবে। আর কয়টি সড়ক সংস্কার করা হবে তা সাধারণ সভায় সিদ্ধান্ত হবে", বলেন তিনি। নগরীর বহদ্দারহাট মোড় থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত সড়কের অবস্থা আরো বেহাল। ছোট-বড় গর্তে ভরে আছে সড়ক। এটি দিয়েই যেতে হয় দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা ও পর্যটন জেলা কক্সবাজারে। সিসিসি'র নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মনিরুল হুদা জানান, প্রতিবছর নিজস্ব বরাদ্দ থেকেই সিসিসি ১০০ কিলোমিটার সড়ক সংস্কার করে। বিশেষ কোনো বরাদ্দ না পেলে এবারো তাই করা হবে। গত সপ্তাহে নিজস্ব তহবিল থেকে আরাকান সড়কের সংস্কার কাজ শুরু করেছে সিসিসি। সড়কের বেহাল অবস্থা এবং সংস্কার নিয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিতে কোনো স্থায়ী মেরামত সম্ভব নয়। দেশব্যাপী সমালোচনার কারণে চট্টগ্রামে সড়ক সংস্কার করা হচ্ছে। কিন্তু কোনো ধরনের কার্পেটিং এখন করা সম্ভব নয়। মানুষের দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে বলেও মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৩১৫ ঘ.