ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা হাইকোর্টে স্থানান্তরের দাবি জানিয়েছে বিএনপি। তারা মনে করছে, বিচারিক আদালতে সুষ্ঠু বিচার হবে না।
বিএনপির লিগ্যাল এইড কমিটি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করে।
কমিটির প্রধান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, "২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এটি ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়ে আসা হোক। তা না হলে এই মামলার বিচার জনগণ মেনে নেবে না।"
২০০৪ সালের ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা বর্তমানে ঢাকার জজ আদালতে বিচারাধীন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন করে এ মামলার আসামি করা হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর মামলার নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। তার আগেই বিএনপি এ দাবি তুললো।
আওয়ামী লীগ বলে আসছে, তারেক রহমানই ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী। অন্যদিকে বিএনপির অভিযোগ, তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলা স্থানান্তরের বিষয়ে যুক্তি তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, "ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো জটিল ও গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে স্থানান্তরের সুযোগ আছে। ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারদলীয় জোটের নেতাদের জড়ানো হয়েছে। এটি স্পর্শকাতর একটি মামলা।"
"এজন্য মামলাটি মহানগর জজ আদালতে নয়, মামলার গুরুত্ব বিচার করে এবং নিরপেক্ষ বিচারের স্বার্থে এটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্থানান্তর জরুরি", বলেন তিনি।
মাহবুব বলেন, বিএনপি ২১ অগাস্ট গ্রেনেড হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চায়।
"কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা যেভাবে মামলার বিষয়ে সরাসরি বিএনপিকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছেন, তাতে মামলার বিচার প্রভাবিত হবে।"
তারেকসহ বিএনপির বিভিন্ন নেতাকে ২১ আগস্ট মামলা, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটকের মামলা ও পিলখানার হত্যামামলায় আসামি করার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করেন মাহবুব।
আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য ধরে তিনি বলেন, "এতদিন সরকারের মন্ত্রীরা বলে আসছেন, যুদ্ধাপরাধের বিচারই তাদের অগ্রাধিকার। এখন সরকারের কোনো কোনো মন্ত্রী এবং বাবু সুরঞ্জিত সেন বলছেন, যুদ্ধাপরাধের বিচার যাক, ২১ অগাস্টের মামলার বিচার হতেই হবে। এ বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, ডাল মে কুচ কালা হ্যায়।"
সংবাদ সম্মেলনে মাহবুবের সঙ্গে ছিলেন লিগ্যাল এইড কমিটির মহাসচিব সানাউল্লাহ মিয়া, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24