২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮টি 'স্পর্শকাতর' গার্মেন্ট চিহ্নিত করেছে বিজিএমইএ

ঈদ সামনে রেখে বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ হতে পারে- এমন ১৮টি 'স্পর্শকাতর' কারখানা চিহ্নিত করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মনিটরিং সেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 09:22 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ হতে পারে- এমন ১৮টি 'স্পর্শকাতর' কারখানা চিহ্নিত করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মনিটরিং সেল। এর মধ্যে এ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেক্স, আটলান্টিক এবং পার্ল গার্মেন্টস রয়েছে বলেও বিজিএমইএর এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সফিউল আলম বলেন, 'স্পর্শকাতর' প্রতিষ্ঠানগুলোতে বেতন-ভাতা নিয়ে বিভিন্ন সমস্যা থাকলেও ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তা মিটিয়ে ফেলা হয়েছে। তিনি জানান, ঢাকায় পোশাক কারখানা অধ্যুষ্যিত এলাকাগুলোকে ৯ ভাগে ভাগ করে বিজিএমইএর পরিচালক, কর্মকর্তাসহ গার্মেন্ট মালিকদের সমন্বয়ে ৯টি আঞ্চলিক সেল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিজিএমইএ অথবা বিকেএমইএর সদস্য নয়- এমন গার্মেন্টগুলোতে ঈদের আগে বেতন-ভাতা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারকে নজরদারি করার অনুরোধ জানান তিনি। কারখানাগুলো যাতে ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে, সে জন্য সরকারের পক্ষ থেকে রোজার শুরুতেই গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও তা নিশ্চিত করার প্রতিশ্র"তি দেয়। 'শ্রম আইনে উল্লেখ না থাকলেও' ঈদ উপলক্ষে শ্রমিকদের বোনাসসহ মাস শেষ হওয়ার আগেই অগাস্ট মাসের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করতে হচ্ছে জানিয়ে সফিউল বলেন, "যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনীতির মন্থরগতি, ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং মে-জুন মাসে কাক্সিক্ষত পরিমাণে রপ্তানি আদেশ না পাওয়ার পরও শ্রমিকদের পাওনা যথাযথাভাবে পরিশোধ করার চেষ্টা চলছে।" এরপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিএমইএ ও বিকেএমইএ কার্যালয় এবং শ্রম অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/০৩১০ ঘ.