২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির সড়ক মেরামতে ২২ কোটি টাকা বরাদ্দ হচ্ছে

চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ২১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 08:30 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ২১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। বৃহস্পতিবার বিকালে সিটি মেয়র মনজুর আলমের সভাপতিত্বে সিসিসি মিলনায়তনে চতুর্দশ মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর অবকাঠামো উন্নয়ন এবং সড়ক সংস্কার ও মেরামতের জন্য ৪১ জন ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে মোট ২০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ১৪ জন নারী কাউন্সিলরকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে মোট এক কোটি ৪০ লাখ টাকা। কাউন্সিলররা প্রকল্প তৈরি করে জমা দিলে সে অনুসারে সিসিসির তহবিল থেকে এ টাকা বরাদ্দ দেওয়া হবে বলে সাইফুদ্দিন জানান। টানা বর্ষণে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরিভিত্তিতে সংস্কার ও মেরামতের জন্য সভায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন সিটি মেয়র। মনজুর আলম জানান, ইতোমধ্যে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও সংস্কার করা হবে। অন্যদের মধ্যে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর ই এলাহী, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নগরীর যত্রতত্র অবৈধ বিলবোর্ড স্থাপন, সিসিসি পরিচালিত স্কুলগুলোতে কোচিং ক্লাশ বন্ধ করা, প্রতি ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব সরবরাহ এবং আসন্ন ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়। জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, "অননুমোদিত বিলবোর্ড অপসারণ করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০২২৮ ঘ.