ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদের সময় নৌ দুর্ঘটনা এড়াতে যোগ্য ব্যক্তিদের দিয়ে লঞ্চ ও নৌযান চালনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আইনগত সহায়তায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক আবেদনে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মো. নুরুজ্জামানের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, নৌ পরিবহন সচিব, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান পরিদর্শক, বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান ও পরিচালক, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান এবং লঞ্চ মালিক সমিতির সভাপতিকে এই নির্দেশ বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়েছে আদালতের আদেশে।
এ বিষয়ে ১৭ অক্টোবরের মধ্যে আদালতে দিতে হবে তাদের।
এছাড়া যাত্রী নিরাপত্তা এবং নৌযানের চলাচলের উপযুক্ততা নিশ্চিত করতে সব লঞ্চ ও নৌযানের নকশা, যন্ত্রপাতি এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম যথাযথভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত। সব লঞ্চ ও নৌযানে পর্যাপ্ত বয়া ও বিকন বাতির রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
নৌপথে পর্যাপ্ত জীবনরক্ষকারী সরঞ্জাম ছাড়া যাত্রী পরিবহন এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে ফেরি ও লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে বলেছে আদালত। এছাড়া নৌ পথে প্রতিযোগিতা বন্ধে নৌ পুলিশ ডিপোর সংখ্যাও বাড়াতে বলা হয়েছে।
যাত্রী নিরাপত্তা সংক্রান্ত সব আইনী বিধান লঞ্চ ও ফেরিঘাটসহ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বেঞ্চ।
আদালত বলেছে, দায়িত্ব পালনে কোনো ত্র"টি পাওয়া গেলে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০২১৪ ঘ.
bdnews24