২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিল সংসদে

পারমাণবিক অস্ত্রের হুমকি, ব্যবহার, উন্নয়ন, দখলে রাখা, পরীক্ষা অথবা হন্তান্তর নিষিদ্ধ করতে 'বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ আইন, ২০১১' নামে একটি বিল সংসদে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 07:30 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারমাণবিক অস্ত্রের হুমকি, ব্যবহার, উন্নয়ন, দখলে রাখা, পরীক্ষা অথবা হন্তান্তর নিষিদ্ধ করতে 'বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ আইন, ২০১১' নামে একটি বিল সংসদে তোলা হয়েছে। এ আইনে অপরাধ প্রমাণিত হলে যে কোনো বাংলাদেশিকে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারবে আদালত। বৃহস্পতিবার জাতীয় সংসদের বেসরকারি দিবসে ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে তা যাচাই বাছাই করতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, দেশের ভূমি, জলাশয়, সমুদ্রসীমা, বিশেষায়িত অর্থনৈতিক এলাকা এবং আকাশসীমাকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে। বিলটি আইনে পরিণত হলে পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কোনো পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনা, পারমাণবিক দ্রব্য ও বর্জ্য ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য, সম্পদ ও পরিবেশের ক্ষতি হলে ভিয়েনা কনভেশনশনের আওতায় ক্ষতিপূরণ দাবি করা যাবে। আন্তর্জাতিক কনভেনশন অনুসরণ না করে কোনো বিদেশি বিমান বাংলাদেশের আকাশ সীমায় এবং কোনো বিদেশি যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে এই বিলে। এতে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গঠনে ১৪ সদস্যের একটি কর্তৃপক্ষ করার কথা বলা হয়েছে। প্রতিরক্ষা সচিব ওই কর্তৃপক্ষের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো ব্যাক্তি এই আইনের অধীন কোনো বিধান লঙ্ঘন করলে তাকে অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক ৫ লাখ টাকা জরিমানা করা যাবে। এই অপরাধ যদি কোনো বিদেশি রাষ্ট্র বা তার এজেন্ট করে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫৪০ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক সমুদ্র আইন ও কনভেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তি নির্ধরাণ করা যাবে। আদালত প্রয়োজন মনে করলে এ সংক্রান্ত মামলা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা অথবা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসসহ অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠাতে পারবে। বিলের উদ্দেশ্য ও কারণে বলা হয়েছে, 'প্রকৃতপক্ষে পারমানবিক অস্ত্রের যত্রতত্র ব্যবহার এবং এর ফলে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে এ বিল উত্থাপন করা হয়েছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০১২৮ ঘ.