২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অসাম্য দূর করতে চাই উদার সমাজ'

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে সব নাগরিকের 'স্বাধীন ও পূর্ণ' অংশগ্রহণই 'স্থায়ী' উন্নয়ন নিশ্চিত করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে সব নাগরিকের 'স্বাধীন ও পূর্ণ' অংশগ্রহণই 'স্থায়ী' উন্নয়ন নিশ্চিত করতে পারে। আর তা না হলে সরকার স্বৈরাতন্ত্র ও নৈরাজ্যের পথে চলে যায় এবং উন্নয়ন প্রহসনে পরণত হয় বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে 'গণতন্ত্র ও উন্নয়ন' শীর্ষক এক আলোচনায় আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে নিজের দেশের বর্তমান রাজনৈতিক চিত্রও তুলে ধরেন চন্দ্রিকা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট বলেন, শ্রীলঙ্কায় এখন রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন ও হত্যা একটি 'সাধারণ' বিষয়ে পরিণত হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 'একসঙ্গে কাজ করার' মানসিকতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কুমারাতুঙ্গা বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে; সহিংসতা ও সংঘর্ষ ছড়িয়ে দেয়। "উন্নয়ন বলতে কেবল ভৌত বা অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামো নির্মাণ বোঝায় না। এর জন্য সুশাসন ও সাম্য এবং সমতার দৃষ্টিভঙ্গি প্রয়োজন।" সরকার পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি হলে তা পরিস্থিতিকে দ্বিগুণ 'খারাপ' করে বলেও মন্তব্য করেন তিনি। "কোনো দেশের সব নাগরিক ও স¤প্রদায় যদি মনে করে, তারা রাষ্ট্রের সমান অংশীদার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমান অধিকার ভোগ করছে, তাহলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বজায় থাকবে।" এ ধরনের সমাজকেই 'সামষ্টিক ও উদার' হিসেবে চিহ্নিত করেন শ্রীলঙ্কার এই রাজনীতিবিদ। কুমারাতুঙ্গা বলেন, গবেষণায় দেখা গেছে, কোনো দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য থাকলে সেখানে সহিংসতার শঙ্কা অনেক বেড়ে যায়। আর সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থান থাকলে সহিংসতা ছড়ানোর আশঙ্কা বাড়ে তিনগুণ। ইন্দোনেশিয়ায় এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীগুলো অর্থনৈতিক ও সামাজিক বঞ্চনার শিকার হলে তা জাতিগত সহিংসতা উস্কে দেয়। যথাযথ অর্থনৈতিক উন্নয়নের অভাব ধর্মীয় উন্মাদনা বাড়ার পেছনে ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি। কুমারাতুঙ্গা বলেন, "সাংস্কৃতিক অসাম্যের কারণেও রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। এমনকি রাজনৈতিক অসাম্যও চরম সহিংসতার জন্ম দিতে পারে।" "এটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত আছে যে, উদার সরকার রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার শঙ্কা কমিয়ে আনতে পারে," যোগ করেন তিনি। আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এলটিটিইর নেতৃত্বে পাঁচটি সশস্ত্র গ্র"প গড়ে ওঠা এবং সে সঙ্কট কাটাতে দেশটির সব সরকারের ব্যর্থতার বিষয়ে কুমারাতুঙ্গা বলেন, "১৯৯৪ সালে আমার সরকারের আগে কোনো সরকারই এ বিষয়ে গ্রহণযোগ্য কোনো বিকল্প প্রস্তাব দেয়নি।" ধর্ম নিয়ে রাজনীতি করা 'শুভ' কিছু নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, "পাকিস্তানে ধর্মীয় রাজনীতি উগ্রবাদের জন্ম দিয়েছে, যা বাংলাদেশ হয়নি।" দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের নতুন সংজ্ঞায়ন প্রয়োজন কি না- এমন একটি প্রশ্নের জবাবে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, গণতন্ত্রের কোনো সমস্যা নেই। জনগণ আস্থা হারালেই গণতন্ত্র ব্যর্থ হয়। "এবং সরকার কাজ না করতে পারলেই সে অবস্থার সৃষ্টি হয়।" তিনিও চন্দ্রিকা কুমারাতুঙ্গার মতো 'রাষ্ট্রের সম্পদে সব নাগরিকের সমান অধিকারের' বিষয়ে গুরুত্ব দেন। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের এক প্রশ্নের জবাবে কুমারাতুঙ্গা বলেন, "আমরা বিরোধীদের জেলে ভরি না। প্রথমে তাদের কেনার চেষ্টা করি। তাতে কাজ না হলে ভয় দেখাই। আর তাতেও কাজ না হলে হত্যা করি।" "তবে আগে আমাদের রাজনীতিতে এ ধরনের চর্চা ছিলো না," যোগ করেন শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার জন্মের পর থেকে ১৯৬৪ বা ৬৫ সাল পর্যন্ত দেশটির রাজনীতি উদার ছিলো। তারপর তা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। "আমি এটা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু আপনারা ২৪ জন সাংবাদিক ও তিনজন এমপিকে খুন হতে দেখেছেন। এছাড়া অন্য অনেকের ওপরও নির্যাতন হয়েছে।" সেন্টার ফর পলিসি ডায়লগ ওই আলোচনা সভার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/০০২৭ ঘ.