ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত বিভিন্ন পর্যায়ের ছুটিগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে 'ছুটি ঘোষণা আইন-২০১১' নামে আইনের একটি খসড়াও তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি ছুটি ঘোষণা আইনের এ খসড়া সম্পর্কে লিখিতভাবে মতামত দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সচিব ইকবাল মাহমুদের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় আইনের খসড়ায় বিভিন্ন বিষয় সংযোজন ও বিয়োজনের ব্যাপারে সকলের মতামত নেওয়া হয়। অবশ্য সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের প্রতিনিধিরা তাৎক্ষণিক অনেক বিষয়ে মতামত দিতে পারেননি। তারা এজন্য আরো সময় চান।
প্রতিনিধিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে মতামত জানানোর সময় দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করা সুপারিশগুলো প্রস্তাবনা আকারে সমন্বয় করে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। পরে প্রস্তাবনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে মন্ত্রিসভায়।
এতোদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হতো। নতুন এ আইন হলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট আইনের আওতায় সরকারি ছুটি ঘোষণা করা হবে।
এ আইনের খসড়ায় বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ও ধর্মীয় দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নির্বাহী আদেশে ঘোষিত ছুটিগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। একইসঙ্গে ব্যাখ্যা দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয়, ঐচ্ছিক ও সাধারণ ছুটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০১০ ঘ.
bdnews24