২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটু ধৈর্য ধরতে হবে: প্রধানমন্ত্রী

দেশের যাবতীয় সমস্যার সমাধানে সময় চেয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যাবতীয় সমস্যার সমাধানে সময় চেয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, "একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা যেটুকু থাকুক, তা সমাধানের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।" ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঈদের আগেই চলাচলের উপযোগী করা হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। তবে বেহাল মহাসড়কের জন্য চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারকেই দায়ী করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "টাকা পাওয়ার পরই যোগাযোগমন্ত্রী ময়মনসিংহ পর্যন্ত চলে গেছেন। আমি তাকে নির্দেশ দিয়েছি, গর্তগুলো ভরাট করে চলাচলের যোগ্য করতে। শুকনো মৌসুম এলে পুরোপুরি ঠিক করা হবে। আর এখন পুরোপুরি ঠিক করতে গেলে পুরো টাকাটাই পানিতে যাবে।" মহাসড়কের নাজুক পরিস্থিতির কারণে এ মাসেই বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা। এরই মধ্যে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সরকারের ভেতরে ও বাইরে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবি ওঠে।এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আবুল হোসেনকে তিরস্কার করেন শেখ হাসিনা। শেখ হাসিনা আরো বলেন, "২০০১ থেকে ২০০৮ থেকে মহাসড়কগুলোর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি বলে এ অবস্থা। আমরা যে বাজেট করেছি, তার পুরোটা তো ঢেলে দেওয়া যায় না। যোগাযোগ মাথায় থাকলেও বেশি ব্যয় করতে পারিনি। খাদ্য আর বিদ্যুতে সবচেয়ে বেশি ব্যয় করেছি।" চলতি মৌসুমে বৃষ্টিপাত বেশি হওয়ায় মহাসড়কগুলোকে আরো নাজুক করে তোলার জন্য দায়ী করেন তিনি। জমে থাকা পানি সরে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে সড়কের পাশে কল-কারখানা ও সিএনজি স্টেশন গড়ে তোলারও সমালোচনা করেন হাসিনা। ট্রাকের অতিরিক্ত মালামাল বহনের চাপও মহাসড়ককে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে জানান তিনি। দুর্ঘটনা এড়াতে জনগণকেও আরো সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। লেভেল ক্রসিংয়ে গেট আটকে দেওয়ার পরও ঝুঁকিপূর্ণ চলাচলের নজির তুলে ধরে তিনি বলেন, "অনেক শিক্ষিত লোকরা এরকম করেন। সিভিক সেন্সের প্রয়োজন আছে। এ জিনিসটার আমাদের অভাব।" মানিকগঞ্জে দুর্ঘটনার পর চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের যে দাবি উঠেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "শুধু অশিক্ষিত লোকরাই নয়, যারা এখন আন্দোলন করছেন, যারা গাড়ি চালান, তারা কী পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়েছেন? অনেকেই ড্রাইভারকে টাকা দিয়ে পাঠিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন।" দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, "আমাদের প্রচুর চালক দরকার। আমাদের চালক কম। এই জন্য কেউ স্টিয়ারিংয়ে বসে চালাতে পারলেই বসে পড়ে।" তবে চালকদের প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 'দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় ' নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "অনেকে বলছেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। দ্রব্যমূল্য বিশ্বব্যাপীই বেড়ে গেছে। আমরা দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রেখেছি।" "মাঝে মাঝে দাম বাড়ে-কমে। বাড়লেই আমরা পদক্ষেপ নেই। যারা চিৎকার করেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। তারা তুলনা করলে দেখবেন, এখনো কম আছে। আমরা ক্রয়ক্ষমতা বাড়িয়েছি", বলেন হাসিনা। মরিচের দাম বৃদ্ধির জন্য ভারী বর্ষণকেই দায়ী করেন তিনি। বিদ্যুৎ প্রসঙ্গ বিদ্যুৎ সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "গতবারও আমরা একই সমস্যা পেয়েছিলাম। সাত বছরে (২০০১-২০০৮) বিদ্যুৎ উৎপাদন বাড়েনি, কিন্তু চাহিদা বেড়েছে। আমরা প্রতি বছর ১ হাজার মেগাওয়াট করে বিদ্যুত উৎপাদন বাড়াতে পারলে তারা কেন পারলো না।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "তখন অত্যন্ত উচ্চ মার্গের লোকরা দেশ চালিয়েছিলেন। তখন দেশে ছিলো- সুশীল বাবুদের সরকার। মিলিটারি ব্যাক সরকার। তারাও তা পারেনি।" "আমরা ক্ষমতায় আছি, সমালোচনা আমাদেরই শুনতে হচ্ছে। অতীতের কথা বললে বলছে- 'অতীতের দোহাই দিলে চলবে না'। আমরা তো বসে নেই। আমরা তো কাজ করছি। বিদ্যুত না বাড়ালে বলতে পারতো", বলেন তিনি। যানজট প্রসঙ্গ যানজট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এখন অনেকেরই স্বচ্ছলতা এসেছে। সবার গাড়ি আছে। অনেক পরিবারে দুটি গাড়ি। কারো আবার তিন খানা। এখন কীভাবে ট্রাফিক জ্যাম কমাবেন?" বিভিন্ন টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের বক্তাদের সমালোচনা করে তিনি বলেন, গুলশান-বারিধারায় যারা থাকেন, যারা টিভিতে এসে বড় বড় কথা বলেন- তারা রাস্তার জায়গাও নিয়ে নিয়েছেন। "সরকারকে তো গালি দিয়ে হবে না। যানবাহন যেন সীমিত সময়ের জন্য ব্যবহার হয়, সে ব্যবস্থা করতে হবে।" এ পর্যায়ে প্রধানমন্ত্রীকে থামিয়ে স্পিকার আবদুল হামিদ গাড়ির জ্বালানি হিসাবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সীমিত করার পরামর্শ দেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য একটার বেশি গাড়ি কিনলে পর্যায়ক্রমে কর বাড়ানোর প্রস্তাবও দেন স্পিকার। স্পিকারের বক্তব্যের জবাবে সংসদ নেতা বলেন, "গ্যাসের দাম অত্যন্ত কম বলেই এভাবে ব্যবহার হচ্ছে। গ্যাসের দাম সামঞ্জস্যপূর্ণ করা হবে। যেন এ অমূল্য সম্পদ যত্রতত্র ব্যবহার করতে না পারে। আমরা রান্নার জন্য সিলিন্ডারের গ্যাসের ব্যবস্থা করছি।" ফখরুলকে পরামর্শ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, "মির্জা ফখরুল ইসলামকে একটু সাবধান করতে চাই, এত মিথ্যা কথা বললে আয়ু ক্ষয় হয়ে যায়।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আমেরিকায় অনবরত, ইতালিতে হরদম ঘটছে ছিনতাই। আমরা বসে নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি। সমস্যা হলো- আমাদের পুলিশের সংখ্যা কম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমআই/১৯২০ ঘ.