২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নাগরিকত্ব চায় ভারতের ছিটবাসীরা

বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কয়েকটি ছিটমহলের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

পঞ্চগড়, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কয়েকটি ছিটমহলের বাসিন্দা। তারা বলছেন, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হোক। বৃহস্পতিবার দুপুরে ছিটমহল বাসিন্দারা সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরিডাঙ্গা এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে পুকুরিডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা। বাংাদেশের অভ্যন্তরে ভারতীয় গারাতি ছিটমহলের সহযোগিতায় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশে ভারতের মোট ১১১টি ছিটমহল রয়েছে। এ ছাড়া ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ৫১টি। কিছুদিন আগে দুই দেশের যৌথ উদ্যোগে এসব ছিটমহলে আদমশুমারি হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৬৪ বছর ধরে ছিটমহলের নাগরিকরা মানবেতর জীবনযাপন করছে। ছিটমহলের বাসিন্দা বলেই তারা বাংলাদেশ বা ভারত কোনো দেশেরই সুযোগ-সুবিধা পান না। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেই মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন করা হোক। দাবি পূরণ না হলে অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা। শালবাড়ী কাজলদিঘি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, নাজিরগঞ্জ ছিটমহলের জয় প্রকাশ, বেহুলাডাঙ্গা ছিটমহলের আবুল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৪৪ ঘ.