২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অদক্ষদের লাইসেন্স দিয়েছে বিএনপি'

বর্তমান সরকারের সময়ে নয়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলেই অদক্ষদের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া হয়েছে বলে দাবি করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে নয়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলেই অদক্ষদের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া হয়েছে বলে দাবি করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দুর্ঘটনা ও বেহাল মহাসড়ক নিয়ে পরিবহন ব্যবস্থা এবং চালকদের লাইসেন্স প্রক্রিয়ার সমালোচনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ বক্তব্য এলো। এখন থেকে কারো চাপের মুখে লাইসেন্স না দিতেও সরকারের প্রতি সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির বৈঠকের দিনই হাইকোর্ট এক আদেশে যথাযথ আইনি প্রক্রিয়া এবং পরীক্ষা ছাড়া সব ধরনের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে। স¤প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জন। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থী। এসব ঘটনার রেশ ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নৌমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের চাপে অদক্ষদের চালকের লাইসেন্স দেওয়া হয়েছে, যা সড়কে দুর্ঘটনা বাড়াচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, "বিগত জোট সরকারের সময়ে চাপের মুখে অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমান মেয়াদে এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা সুপারিশ করেছি চাপের মুখে আর লাইসেন্স নয়।" বর্তমানে ২ লাখ ৩২ হাজার ৫১৪ জন চালকের লাইসেন্স রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১৯৯২ ও ২০০৩-০৪ সালে ১ লাখ ৭৯ হাজার ৫১৬ জনকে চাপের মুখে বিএনপি নেতৃত্বাধীন সরকার লাইসেন্স দিয়েছে। বাকি ৪২ হাজার ৯৯৮টি লাইসেন্সও দক্ষ চালকদের হাতে রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। সড়ক ব্যবস্থা নিয়ে বিএনপির প্রবল সমালোচনার মধ্যে সংসদীয় কমিটির এ বক্তব্য এলো। বিএনপি নেতারা দুর্ঘটনার জন্য যোগাযোগমন্ত্রীর ব্যর্থতা ও নৌপরিবহনমন্ত্রীর সমালোচনা করে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার এক সমাবেশে বলেন, "নৌমন্ত্রী শাজাহান খানের সুপারিশে ২০ হাজারের অধিক ব্যক্তিকে বিনা পরীক্ষায় ভারী যানবাহনের জন্য ঠাণ্ডা মাথায় হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে।" বেহাল মহাসড়ক মেরামত ঈদের আগেই করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বলে সংসদীয় কমিটির সভাপতি জানান। তিনি বলেন, "ঈদকে সামনে রেখে আমরা দ্রুত সব সড়ক সংস্কার কাজ শেষ করতে সুপারিশ করেছি। মন্ত্রী আমাদের আশস্ত করেছেন।" স্থায়ী কমিটিতে বিরোধী দলের একমাত্র সদস্য নজরুল ইসলাম মঞ্জু 'ব্যর্থতার' জন্য যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, "সারাদেশে সড়ক মহাসড়কগুলো ভেঙে চুরমার হয়েছে। এর দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত।" তবে মুজিবুর বলেন, "যোগাযোগ খাতে বর্তমান বেহাল অবস্থা একদিনে হয়নি। বিগত সরকারও এর জন্য দায়ী। অর্থের অভাবে এ সরকারের মন্ত্রীও যথাসময়ে সংস্কার কাজ করতে পারেনি।" চারদলীয় জোট সরকারের সময়ে যোগাযোগ খাতে দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তার তদন্ত এখনো শেষ করা যায়নি বলে কমিটির সভাপতি জানান। তিনি বলের, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি হয়ে থাকলে তাও খতিয়ে দেখা হবে। কমিটির সুপারিশ মহাসড়কগুলোর অবস্থা খারাপের কারণের ব্যাখ্যাসহ এর সংস্কারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন কমিটিকে দিতে হবে। বাস-ট্রাক চালকের ভুয়া লাইসেন্স প্রদানের যে অভিযোগ রয়েছে সেগুলো কেন, কীভাবে দেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন দি;তে হবে। কেন এসব ভুয়া লাইসেন্স বাতিল করা হবে না, কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) তা জানাতে বলা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয় নিয়ে নৌপরিবহনমন্ত্রী যেন কোনো কথা না বলেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাস-ট্রাক চালকের ওভারটেকিং প্রতিরোধ এবং ভারতের মতো বাংলাদেশেও রাস্তায় বাস-ট্রাক স্পিড লিমিট চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। রাস্তায় চাঁদাবাজি বন্ধ এবং সড়ক নিরাপত্তার জন্য হাইওয়ে পুলিশকে যোগাযোগ মন্ত্রণালয়ে অধীনে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্তও নিয়েছে সংসদীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬৩০ ঘ.