গাজীপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পুলিশের গাড়ি চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে ওই সড়কে আটকা পড়ে শত শত গাড়ি।
স্থানীয়রা জানান, সকাল ১০টার মৌচাকের তেলিরচালা এলাকায় রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় রং-সাইড থেকে আসা পুলিশের একটি গাড়ি (পিকআপ) মাজহারুলকে (১০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে গুলি করার ভয় দেখিয়ে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
নিহত মাজহারুল (১০) নেত্রকোনার সুসং দূর্গাপুর উপজেলার পশ্চিম কোনাপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। তার বাবা কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, পিক-আপটি পুলিশের কি না- এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসী পিক-আপটির নম্বরও রাখতে পারেনি।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৬১০ ঘ.
bdnews24