ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ আইনি প্রক্রিয়া এবং পরীক্ষা ছাড়া সব ধরনের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত পাঁচ বছরে দেওয়া ড্রাইভিং লাইসেন্সের ফিরিস্তিও চেয়েছে আদালত।
একটি রিট আবেদনে বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি এ নির্দেশ দিয়েছে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নুরুজ্জামানের বেঞ্চ।
গত ১৪ অগাস্ট আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগাল এইড সার্ভিস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ এনভায়র্নমেন্টাল লইয়ারর্স অ্যাসোসিয়েশনসহ (বেলা) চারটি প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটি রিট আবেদন করে। তার সম্পূরক আবেদনে বৃহস্পতিবার এ আদেশ হয়।
যথাযথ আইনি প্রক্রিয়া এবং পরীক্ষা ছাড়া সব ধরনের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের এই আদেশ ১৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
গত পাঁচ বছরে কীসের ভিত্তিতে এবং কী প্রক্রিয়া অনুসরণ করে চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে, তা আগামী ১৭ অক্টোবরের মধ্যে বিআরটিএকে জানাতে হবে।
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জন নিহত হওয়ার পর সড়কপথে যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানে আইনপ্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে চারটি সংগঠন এ রিট আবেদন করে।
চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইন অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার সম্পূরক আবেদন করা হয়।
রিট আবেদনের পর হাইকোর্ট গত পাঁচ বছরে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংস্কারে সর্বমোট বরাদ্দ এবং ব্যয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। বিআরটিএ চেয়ারম্যান এবং যোগাযোগ সচিবকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর দিন ঠিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.
bdnews24