২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় ধর্মঘট অব্যাহত

চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। ফলে বৃহস্পতিবারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

দিনাজপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। ফলে বৃহস্পতিবারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে কাজ বন্ধ করে দেয় ওই খনির ১ হাজারের বেশি শ্রমিক। তারা স্থায়ী নিয়োগসহ অন্যান্য দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-বিসিএমসিএল'র মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও শ্রমিকরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। এই অবস্থায় খনি কর্তৃপক্ষের আর কিছু করার নেই। তিনি অভিযোগ করেন, শ্রমিকরা খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল হক মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বুধবার বৈঠক হয়। বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়টি সমাধান হলেও লিখিত কোনো সমঝোতা হয়নি। এছাড়া বর্ধিত বেতন খনি কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধ করতে হবে। কিন্তু খনি কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করেছে।" তিনি জানান, সমঝোতা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে কামরুজ্জামান জানান, শ্রমিকরা যে প্রতিষ্ঠানের আওতায় চাকরি করছে তারাই তাদের বেতন দেবে। খনি কর্তৃপক্ষের করার কিছু নেই। এর আগে মঙ্গলবার বিকালে খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা খনির গেটে অবস্থান নেয়। এদিন তারা খনির কোনো কর্মকর্তা-কর্মচারীকে খনির ভেতর প্রবেশ করতে দেয়নি বা খনি থেকে বেরও হতে দেয়নি। শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জুজু মেশিনারজি কোম্পানি-এক্সএমসি বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেনি। গত বছরের ১০ অক্টোবর বড়পুকুরিয়া কয়লা খনির সঙ্গে এক্সএমসির চুক্তির মেয়াদ শেষ হয়। পেট্রোবাংলা ১১ অক্টোবর ওই কোম্পানির সঙ্গে পুনরায় ছয় বছরের জন্য চুক্তি করে। কিন্তু চুক্তিতে শ্রমিকদের দাবিগুলো উপেক্ষিত হয় বলে শ্রমিকরা জানান। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, এক্সএমসি'র অধীনে ১ হাজার ৮৬ জন শ্রমিক সরাসরি কয়লা তোলার সঙ্গে জড়িত। এছাড়া বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-বিসিএমসিএল'র অধীনে রয়েছে আরো ২২৬ জন শ্রমিক। বিসিএমসিএল-এর শ্রমিকরা পে-স্কেলভিত্তিক বেতন-ভাতা পেলেও এক্সএমসি'র শ্রমিকরা সে সুবিধা থেকে বঞ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৯ ঘ.