চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ছিনতাই মামলার এক আসামি জুতা ছুড়ে মেরেছে চট্টগ্রামে একটি আদালতের বিচারকের দিকে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা দিকে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সারোয়ারের আদালতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ছিনতাই মামলার দুই আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারক গোলাম সারোয়ার পরে আদেশ দেবেন বলে জানান। তখন আদালত কক্ষে আসামির কাঠগড়া থেকে মো. ফোরকান (৩২) পায়ের স্যান্ডেল খুলে বিচারকের দিকে ছুড়ে মারে।
বিচারক তখন এজলাসেই বসা ছিলেন। তবে আসামির স্যান্ডেল তার গায়ে না লেগে এজলাশের সামনে আইনজীবীদের সোফার ওপর পড়ে।
পরে আদালত ওই আসামির জামিন আবেদন নাকচ করে তাকে ডাণ্ডাবেড়ি পাড়ানোর এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয় বলে অশোক কুমার দাশ জানান।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার পর আসামির আইনজীবী আবু আব্দুল্লাহ আল হেলাল আদালতের কাছে দুঃখ প্রকাশ করে জামিনের জন্য করা ওকালতনামা প্রত্যাহার করে নেন। ওই আসামির মামলা পরিচালনা থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।"
তিনি বলেন, আদালতে আসামিকে হাজির করা ও পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাদের গাফিলতিতেই এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাইনুদ্দিন বলেন, আদালতের নির্দেশ হাতে পেলে ওই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ সদস্যদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ফোরকানের বিরুদ্ধে অভিযোগ, সহযোগী আমীর হোসেনকে নিয়ে গত বছর ১৫ এপ্রিল খুলশী থানার নিউ শহীদ লেন কালি বাড়ির মোড়ে রাসেল চৌধুরী নামে এক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করেন।
পরে টহল পুলিশ তাদের ধাওয়া করে ছিনতাই হওয়া টাকা ও মোবাইলসহ তাদের গ্রেপ্তার করে।
জুতা ছোড়ার সময় ফোরকানের সঙ্গে আমীর হোসেনও আসমির কাঠগড়ায় ছিলেন।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/০১৩৮ ঘ.
bdnews24