২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবনে সিনার ট্রাস্টি বোর্ড সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ

চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দিয়েছে হাইকোর্ট। ইবনে সিনার ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলী রয়েছেন। এ এন এম এ জাহের ও শাহ আব্দুল হান্নানের মতো জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিও রয়েছেন এর ট্রাস্টি বোর্ডে। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চের এ নির্দেশ অনুযায়ী এ দুজনসহ আট জন গ্রেপ্তার হতে চলছেন। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত কমোডর আতাউর রহমান, অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক এ কে এম সদরুল ইসলাম, নাজির আহমেদ ও কাজী হারুণ আল রশীদ। এর মধ্যে নাজির আহমেদ মারা গেছেন। গ্রেপ্তারের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি অঞ্চলের সহকারী কমিশনার এবং ধানমণ্ডি থানার ওসিকে। গত ১৫ অগাস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি আদালতের নজরে এলে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল দেয়। আদালতের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সহকারী কমিশনার ও ধানমণ্ডি থানার ওসি এবং মৃত শিশুর বাবা-মা আদালতে হাজির হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় ইবনে সিনার কর্মকর্তা ও কয়েক চিকিৎসককে তলবের পাশপাশি তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা ১২ দিনের মধ্যে ধানমণ্ডি থানার ওসিকে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিলো একই বেঞ্চ। ওই আদেশের পর ইবনে সিনার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। এ বিষয়ে আদালত বৃহস্পতিবার বলে, "চেয়ারম্যান ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তার বয়স ৯৫ বছর। তাকে আমরা অব্যাহতি দিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক হবে না।" ইবনে সিনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদালত বলে, "কর্তৃপক্ষ বলতে ট্রাস্টি বোর্ডের সব সদস্যকে বোঝায়। আর ব্যবস্থা বলতে বোঝায়, গ্রেপ্তার। তাই তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে।" আদালত পুলিশকে বলে, "ইবনে সিনা কর্তৃপক্ষের অনেক টাকা রয়েছে। তাদের একজন (জাহের) তো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তাদের কাছে বিক্রি হয়ে যাবেন না। পুলিশের পোশাক যে সব কিছুর উর্ধ্বে তা প্রমাণ করুন।" বৈশাখী টিভির সংশ্লিষ্ট প্রতিবেদক মাহবুবুল আলম লাভলুকে নিরাপত্তা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গুলশান অঞ্চলের সহকারী কমিশনার ও গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ওই নবজাতকের বাবা ইদ্রিস শিকদারকে নিরাপত্তা দিতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ইদ্রিস শিকদারের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি করায় ইবনে সিনার সহকারী ব্যবস্থাপক সুলতান মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সুলতানকে ১৬ অক্টোবর আদালতে হাজির হতেও বলা হয়েছে। প্রতিবেদন প্রকাশ না করতে বৈশাখী টিভির ওই প্রতিবেদককে উৎকোচ দিতে চাওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে ইবনে সিনা হাসপাতালের উপব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড মার্কেটিং) তাজুল ইসলামকেও ১৬ অক্টোবর আদালতে হাজির হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৮০০ ঘ.