ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
ঢাকা সফররত কুমারাতুঙ্গা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই নেতাই এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
দারিদ্র্য দূর করা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় বলে আবুল কালাম আজাদ জানান।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24