ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে আগামী ১১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করেছে ঢাকার জজ আদালত।
হত্যা ও বিস্ফোরক দুটি মামলায়ই অভিযোগ গঠনের এ দিন বৃহস্পতিবার ঠিক করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।
দুই মামলায় তারেককে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে দেওয়া বিজ্ঞপ্তি দাখিলের পর অভিযোগ গঠন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হবে বিচার প্রক্রিয়া।
২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় গত ৩ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে খালেদা জিয়ার ছেলে তারেকসহ নতুন ৩০ জন আসামির তালিকায় যোগ হয়।
এরপর আসামিদের মধ্যে তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে পুলিশ জানায়, আসামিদের খুঁজে পাওয়া যায়নি। তখন ফৌজদারি আইন অনুযায়ী পলাতক ১২ আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
তবে বিদেশে অবস্থানরত তারেকের সাড়া না মেলায় তার অনুপস্থিতিতেই শুরু হতে যাচ্ছে বিচার।
এ মামলায় গ্রেপ্তার আসামি সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, পুলিশের সাবেক তিন প্রধানকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি ওয়ার্ড কমিশনার আরিফুর রহমানও হাজিরা দেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হয়। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়।
আওয়ামী লীগ বলে আসছে, তারেক রহমানই ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে।
এক ডজনেরও বেশি মামলার আসামি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক তত্ত্বাবধায়ক সরকার আমলে জামিনে মুক্তির পর লন্ডনে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৩৮ ঘ.
bdnews24