২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন-বাংলালিংক নিরীক্ষক নিয়োগ অবৈধ বলে দেওয়া রায় স্থগিত

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও ওরাসকম বাংলাদেশের (বাংলালিংক) নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও ওরাসকম বাংলাদেশের (বাংলালিংক) নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। বিটিআরসির আবেদনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ ছয় সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দিয়েছে। এ সময়ের মধ্যে তাদের নিয়মিত আপিলের আবেদন করতে বলা হয়েছে। একটি রিট আবেদনে গত ১৮ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণফোন ও ওরাসকমের নিরীক্ষক নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করে। ওই রায়ে নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগে সরকারি ক্রয়বিধি অনুযায়ী নতুন করে দরপত্র ডাকতেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) বলা হয়। বিটিআরসি গত এপ্রিল মাসে এম এ ফজল অ্যান্ড কোংকে গ্রামীণফোন এবং আহমেদ জাকের অ্যান্ড কোংকে বাংলালিংক নিরীক্ষার কাজ দেয়। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আজিজ হালিম খায়ের চৌধুরী ফার্ম নামে অন্য একটি প্রতিষ্ঠানকে বাংলালিংকের নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। এ নিয়োগ চ্যালেঞ্জ করে কে এম আলম অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট আবেদন করে। প্রতিষ্ঠানটি মোবাইল অপারেটরগুলোর নিরীক্ষক হিসাবে নিয়োগ পেতে বিটিআরসিতে আবেদন করেছিলো। গত ২৩ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ওই দুই মোবাইল অপারেটরে নিরীক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ চার মাসের জন্য স্থগিত করার পাশাপাশি ওই নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলো। পরে বিটিআরসির আবেদনে আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে হাইকোর্টে রিটটি নিষ্পত্তির নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩০০ ঘ.