চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবাহী মহানন্দা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টায় স্টেশনের ১৫ গজ আগে খুলনা ছেড়ে আসা ট্রেনটির মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই আমনুরা রেলওয়ে জংশনের উদ্ধারকারী দলকে জানানো হলে সোয়া ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেন পুনরায় চালু হয় বলে তিনি জানান।
বৃহস্পতিবার ভোরে সাড়ে ৫টার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত ১৯ অগাস্ট একই স্থানে এবং ২৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে মহাডাঙ্গা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/সিএস/১৫৩২ ঘ.
bdnews24