২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের দুশ্চিন্তা মাথায় রেখেই ঈদে ফেরা

মহাসড়কের অবস্থা নাজুক হওয়ায় এবার ঈদে বাড়িমুখো মানুষের দুশ্চিন্তা আরো বেশি। চেষ্টার কমতি থাকবে না- মহাসড়ক পুলিশ এ কথা বললেও খুব বেশি ভরসা পাচ্ছে না পরিবহন মালিকরা। শামীম আহমেদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ঈদের আগে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে শাহেদ আলীর সময় লেগেছিলো ১৪ ঘণ্টা। মহাসড়কের অবস্থা নাজুক হওয়ায় এবার সরকারি এ কর্মকর্তার দুশ্চিন্তা আরো বেশি। বুধবার সায়েদাবাদ টার্মিনালে টিকেট কেনার সময় শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানজটের দুশ্চিন্তা আছেই। তবে বাড়ি তো যেতে হবে।" শাহেদ আলীর মতোই লাখো মানুষ এবার পথে যানজটের ভোগান্তি মাথায় নিয়েই ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আর তাদের খুব বেশি আশা দিতে পারছে না মহাসড়ক পুলিশ। তবে যানজট নিরসনে চেষ্টার কমতি থাকবে না- এ কথা বললেও এক্ষেত্রে অপ্রতুল সরঞ্জামের কথাও স্পষ্ট হয়েছে তাদের কথায়। পরিবহন মালিক ও চালকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী ছাড়তে শুরু করবে লাখো মানুষ। আর সড়ক ভালো না হওয়ায় যানজটের আশঙ্কাও করছেন তারা। এবার বর্ষা মৌসুমে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে। ব্যাপক সমালোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি করে সড়ক মেরামত শুরু হলেও বৃষ্টি হলে তা কতটা কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। মহাসড়ক (হাইওয়ে) পুলিশের উপমহাপরিদর্শক মো. হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদে যানজট নিরসনে এবার জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ একত্রে কাজ করবে। কিন্তু এবার পরিস্থিতি খারাপ হতে পারে।" সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা-ঘাট খারাপ হওয়াতে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু হাইওয়ে পুলিশের কাছে রয়েছে মাত্র চারটি রেকার। কোনো স্থানে যানবাহন নষ্ট হলে বা দুর্ঘটনার শিকার হলে সেখানে যানজট লেগে যায়। রেকার না থাকায় সেই যানবাহন সরাতে দীর্ঘ সময় লাগে। হুমায়ূন কবির বলেন, "জেলা প্রশাসন বা পাশের এলাকা থেকে রেকার ভাড়া করে আনতে আনতে যানজট মারাত্মক আকার ধারণ করে।" তবে ঈদে মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে যথাসাধ্য চেষ্টা করা হবে, বলেন তিনি। ঈদ মৌসুমে রাস্তায় ফিটনেস ছাড়া যানবাহন নেমে পড়ে আর সেগুলো নষ্ট হয়ে পড়ে থাকাকেও মহাসড়কের যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যাপ্ত রেকারের ব্যবস্থা না হলে এবার ঈদে যানজট মারাত্মক আকার ধারণ করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের সময় যানজটের প্রধান ছয়টি স্পট হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা, শনিরআখড়া হয়ে নারায়ণগঞ্জ লিংক রোডের সংযোগস্থল, কুমিল্লার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ড। কুমিল্লার পুলিশ সুপার মো. মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা এলাকায় যেন যানজট না হয়, সে জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারটি রেকারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা থেকে চক্রবর্তী, কালিয়াকৈর, নবীনগর,কোনাবাড়িসহ ১৫/১৬টি পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ না করা গেলে ভয়াবহ সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পরিবহন ব্যবসায়ী ও চালকরা। গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানজট নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা মোবাইল ফোনে বলা যাবে না, এসব তথ্য নিতে হলে অফিসে এসে নিতে হবে।" বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবারের চেয়ে এবারের চিত্র ভিন্ন। রাস্তা-ঘাট সংস্কার করা হচ্ছে তবে ঝুঁকি থেকেই যায়। সময় মতো দুর্ঘটনা কবলিত গাড়ি রাস্তা থেকে সরানো না গেলে ভয়াবহ যানজট সৃষ্টি হবে। মহাসড়ক পুলিশকে প্রয়োজনীয় রেকার রাখার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে বলেও জানান এনায়েতউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১০৩০ ঘ.