চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে ২৮ ও ৩০ অগাস্ট চট্টগ্রাম কাস্টম হাউজ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো জরুরি ভিত্তিতে খোলা রাখার আবেদন জানিয়েছে চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার এনবিআর চেয়ারম্যান বরাবর চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক জরুরি ফ্যাক্স বার্তায় এ আবেদন জানানো হয়।
ফ্যাক্স বার্তায় বলা হয়, বর্তমান চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে জাহাজের দীর্ঘ সারি। এসব পণ্য ছাড়করণের আগে চট্টগ্রাম কাস্টম হাউজ কর্তৃক কর নির্র্ধারণ, আরোপন ও আদায় করতে হবে। কিন্তু দীর্ঘ বন্ধের কারণে তা সম্ভব হবে না।
বার্তায় আরো বলা হয়, ২৮ অগাস্ট শবে কদর, ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি এবং ২ ও ৩ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি।
এ কারণে কাস্টম হাউজ বন্ধ থাকলে খাদ্যপণ্যবাহী জাহাজগুলোর মালিকরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন।
দেশে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ও ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এ আবেদনের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করা হয় উক্ত ফ্যাক্স বার্তায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০০৩১ ঘ.
bdnews24