২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বসেছে বালিয়ামারীর সীমান্ত হাট

বন্যার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার বুধবার আবারো বসেছে কুড়িগ্রামের বালিয়ামারীর সীমান্ত হাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

কুড়িগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বন্যার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার বুধবার আবারো বসেছে কুড়িগ্রামের বালিয়ামারীর সীমান্ত হাট। হাটজুড়ে কাদা আর পানি থাকার পরও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। বাংলাদেশের নয়জন বিক্রেতা এবং ২২০ জন ক্রেতা নৌকাযোগে জিঞ্জিরাম নদী পাড়ি দিয়ে হাটে আসে। অপরদিকে ভারত থেকে আসে ১৯ জন বিক্রেতা এবং ২৫ জন ক্রেতা। প্রতি বুধবার এখানে হাট বসার কথা। শীতকালে সকাল ১০টা থেকে বিকাল ৩টা এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই হাটে বিক্রি হবে উভয় দেশের ৪৭ ধরনের পণ্য। গত ২৩ জুলাই দু'দেশের বাণিজ্য মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই হাট উদ্বোধন করেন। প্রথম হাট বসে ২৭ জুলাই। এরপর চলতি মাসের ৩ অগাস্ট ও সর্বশেষ ১০ অগাস্ট হাট বসে। বাংলাদেশ অংশের জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত বাঁশের সেতু ভেঙে যায় গত ১৬ অগাস্ট। একই সময় বন্যার পানিতে তলিয়ে যায় সীমান্ত হাট এবং পাশের এলাকা। ফলে ১৭ অগাস্ট (বুধবার) এই হাট বসেনি। এর পরিপ্রেক্ষিতে ওইদিনই সকালে সীমান্তের বলদানগিরি এলাকায় বিজিবি ও বিএসএফ-এর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত হাট বন্ধ থাকবে। ইতোমধ্যে বন্যার পানি কিছুটা নেমে যাওয়ায় দু'দেশের ক্রেতা ও বিক্রেতাদের আগ্রহে হাট বসে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, আজকের (বুধবার) বেচাকেনা ছিল সন্তোষজনক। বাংলাদেশিরা বিক্রি করেছে রসুন, বেগুন, গুড়, তৈরি পোশাক ও কাপড়। ভারতীয়রা বিক্রি করে সুপারি, কলা, পেয়ারা, লেবু ও আনারস। রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকর হোসেন হিরো জানান, জিঞ্জিরাম নদীতে বেইলি ব্রিজ নির্মাণের পাশাপাশি বর্ডার হাট এলাকা উচুঁ করলে বর্তমান অবস্থায় আর পড়তে হবে না। উদ্বোধনের দিন বাণিজ্য মন্ত্রী ফারুক খান জিঞ্জিরাম নদীতে বেইলি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক সীমানার জিরো লাইনের উভয় দিকে বাংলাদেশ অংশে ৭৫ গজ এবং ভারত অংশে ৭৫ গজ জায়গা জুড়ে নোম্যান্স ল্যান্ডে হাটটি স্থাপন করা হয়েছে। হাটে উভয় দেশের ১০টি কৃষিজাত পণ্যসহ ৪৭টি পণ্য বেচাকেনা হওয়ার সিদ্ধান্ত হয়। কোনো ব্যক্তি ৫০ ইউএস ডলার বা তিন হাজার টাকার বেশি পণ্য ক্রয় করতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.