২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরেই সীমানা বিরোধ নিষ্পত্তির আশা ভারতের

মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেই দুই দেশের সীমান্ত বিরোধের বিষয়গুলো মিটিয়ে ফেলা যাবে বলে আশা করছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

নয়া দিল্লি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেই দুই দেশের সীমান্ত বিরোধের বিষয়গুলো মিটিয়ে ফেলা যাবে বলে আশা করছে ভারত। আগামী ৬ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকা আসার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বুধবার রাজ্য সভায় বলেন, "প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত ছয় দশমিক এক কিলোমিটার সীমানারেখা নির্ধারণসহ স্থল সীমান্ত সংক্রান্ত সব ধরনের বিতর্ক এবং ছিটমহল বিনিময়ে সমঝোতা হওয়ার জোরালো সম্ভাবনা আছে।" ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে এক সদস্যের প্রশ্নের জবাবে চিদাম্বরাম বলেন, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন বন্ধের পদক্ষেপ নিচ্ছে দিল্লির কেন্দ্রীয় সরকার। অবশ্য অবৈধ অভিবাসনের সঙ্গে অমীমাংসিত সীমান্ত রেখার বিষয়টি মেলানো ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত তল্লাশি চৌকি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের উভয় পাশের মানুষের জাতিগত বৈশিষ্ট্য ও ভাষা এক হওয়ার কারণে এটি একটি জটিল সমস্যা। "অনেক মানুষ ভিসা নিয়ে আসে। আর স্বল্প সংখ্যক মানুষ অবৈধভাবে আসে- যাদের আমরা আটক করি," বলেন তিনি। চলতি বছর জুলাই পর্যন্ত বাংলাদেশের ৪৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, স্থল সীমানা নির্ধারণ, যৌথ উদ্যোগে ছিটমহল বিনিময় এবং অপদখলীয় ভূমি নির্ধারণে কাজ করতে ঢাকা ও নয়া দিল্লি একমত হয়েছে। চিদাম্বরামের ঢাকা সফরের সময় গত ৩০ জুলাই দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ভারত ও বাংলদেশের মধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) স্বাক্ষরিত হয়। বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান ও পরিকল্পনায় সই করেন। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল্লাপাল্লি রামচন্দ্র মঙ্গলবার বলেন, সীমান্তে অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি ও বিএসএফের সক্ষমতা বাড়ানোই সিবিএমপির লক্ষ্য। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চার হাজার ৯৬ দশমিক ৭ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ৪৩৬ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে। এর মধ্যে দুই হাজার ৮৩৬ দশমিক শূন্য ৭ কিলোমিটার বেড়া নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২২৩৪ ঘ.