ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- জ্বালানি মন্ত্রণালয় এখন বহুজাতিক কোম্পানিগুলোর 'লোকাল অফিসে' পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক গোলটবিল বৈঠকে তিনি অভিযোগ করেন, বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে করা অসম চুক্তির কারণেই গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়াতে হচ্ছে।
জ্বালানি মন্ত্রণালয় বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থরক্ষায় কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) 'জাতীয় সমন্বিত জ্বালানি নীতি' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, গত ছয় বছরে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস কেনা বাবদ সরকার ১৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তাতে চাপে পড়েছে জনগণ।
বহুজাতিক কোম্পানিগুলো প্রতি সরকারের প্রীতি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "সুনেত্র গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য বাপেক্স ২৪৯ কোটি টাকার প্রকল্প জমা দিলে সরকার অর্থাভাবের কথা বলেছে। অথচ সরকারের গ্যাস উন্নয়ন তহবিলে বর্তমানে ১ হাজার কোটি টাকা রয়েছে।"
তিনি বলেন, সুনেত্র ক্ষেত্রে সাড়ে ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন ও তার সুষম ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করা সম্ভব।
তেল-গ্যাস রক্ষা কমিটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মাধ্যমে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
স¤প্রতি বঙ্গোসাগরের দুটি ব্লকের জন্য সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করলে এর প্রতিবাদে গত ৩ জুলাই রাজধানীতে অর্ধ-দিবস হরতাল পালন করে এই কমিটি।
তাদের দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকার একটি সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন আনু মুহাম্মদ।
গোলটেবিল বৈঠকে অ্যাকশন এইড বাংলাদেশের প্রধান ফারাহ কবির বলেন, একটি পরিবেশবান্ধব জ্বালানি নীতি করে তাতে নারীর অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করার ব্যবস্থা
রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/২১৩৫ ঘ.
bdnews24