ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা করার অপরাধে যুবককে মারধর করার ঘটনায় হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চের আদেশে আদালত প্রাঙ্গণ থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি লক্ষ্মীপুর সদরের ৪ নং চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে ১৮ অগাস্ট আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর থানার ওসিকে তলব করে আদালত।
প্রতিবেদনে বলা হয়, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে 'গ্রাম আদালতের' বিচারের প্রতি অনাস্থা এনে মুখ্য বিচারিক আদালতে মামলা করেন আবদুর রহিম (২৮) নামে এক যুবক। আদালত থেকে এ সংক্রান্ত নোটিস দিতে গেলে চেয়ারম্যান প্রথমে রহিমের হাত বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝোলান। এরপর পা বেঁধে বেত দিয়ে তাকে বেদম পেটানো হয়।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ খবরটি আদালতের নজরে আনলে গত ১৮ অগাস্ট সদর থানার ওসি গোলাম ছারোয়ার ও ওই চেয়ারম্যানকে তলব করা হয়। বুধবার সকালে সদর থানার ওসির সঙ্গে তিনি আদালতে হাজিরা দেন।
আদালত প্রাঙ্গণে গোলাম ছারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশে হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কেন হুমায়ুন কবীরের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।"
রহিম তার স্ত্রীর বিরুদ্ধে ওই মামলাটি করেছিলেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১১৪ ঘ.
bdnews24