২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালোবাজারে বিক্রির সময় চিনি আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ডিলারের নামে বরাদ্দ টিসিবি'র ৮০ বস্তা চিনি কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ডিলারের নামে বরাদ্দ টিসিবি'র ৮০ বস্তা চিনি কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করেছে পুলিশ। নলতা বাজারে মঙ্গলবার রাতে এ ঘটনায় জড়িত অভিযোগে এক ডিলারকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কালিগঞ্জ থানার ওসি সৈয়দ ফরিদ উদ্দীন বলেন, টিসিবি'র একজন ডিলার হলেন বাবলুর রহমান (৫২)। তার নামে বরাদ্দ করা চিনি খোলাবাজারে বিক্রি না করে নলতায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার ১০টার দিকে একটি ভ্যানে করে ৯০ বস্তার মতো চিনি নিয়ে বাবলু নলতা বাজারের আসেন। পরে ব্যবসায়ী মোশারফের দোকানে ৩৫ বস্তা, দেবীরঞ্জন দাসের দোকানে ২০ বস্তা এবং রব্বানীর মেসার্স মোড়ল স্টোরে ১০ বস্তা বিক্রি করেন। বিষয়টি স্থানীয়রা জানার পর কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বাজারের রাস্তায় ১৫ বস্তা ফেলে ব্যান নিয়ে সবাই পালিয়ে যায়। আরো কয়েক বস্তা চিনি তারা নিয়ে যায়। এ সময় জনতা বাবলুকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ এসে এই তিনটি দোকান এবং রাস্তা থেকে ৮০ বস্তা চিনি উদ্ধার করে। ওসি সৈয়দ ফরিদ উদ্দীন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আটক টিসিবি'র ডিলার দুর্নীতিবাজ বাবলুর রহমানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়া মাইকিং করে জানিয়ে ভাড়াশিমলা মোড়ে ন্যায্যমূল্যে আটক চিনি বিক্রি করা হবে বলে তিনি জানান। আটক ডিলার বাবলুর রহমানকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.