২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটের আগে চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: মুহিত

ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার আগে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার আগে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, "সড়ক ও রেলসহ দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। এর উন্নতি না করে ট্রানজিট দেওয়া সম্ভব নয়। ট্রানজিটের আগে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।" বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), ইউকেএইড ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) যৌথভাবে 'পাবলিক প্রাইভেট পার্টনারশিপ: ডায়ালগ ফর এনহ্যান্সিং ট্রেড ফ্যাসিলিটেশন ইন সাউথ এশিয়া' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "আমাদের এই অঞ্চল বিশ্বের অন্যতম অনগ্রসর এলাকা। সার্ক দেশেগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ মোট রপ্তানি বাণিজ্যের মাত্র পাঁচ শতাংশ। এই হার আরো বাড়ানো দরকার।" শুল্কায়ন, শ্রমিক যাতায়াত ও মুদ্রাবিনিময়সহ বাণিজ্য স¤প্রসারণে 'অনেক বাধা' রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "আগে এসব সমস্যার সমাধান করা দরকার। আর তা হলেই সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে। উন্নয়ন দ্রততর হবে।" আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে কয়েকটি ট্রানজিট প্রটোকলসহ বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা রয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হবে তার এ সফরে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, "আঞ্চলিক বাণিজ্যের জন্য পারস্পরিক সম্পর্কের উন্নতি জরুরি। এ জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর বন্দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাস্টমস, লজিস্টিকস, পরিবহন সুবিধাসহ সীমান্ত ব্যবস্থাপনার সংস্কার জরুরি।" সংশ্লিষ্ট দেশগুলো এক্ষেত্রে আরো আন্তরিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থ, বাণিজ্য, কৃষি মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ আলোচনা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২০৪৮ ঘ.