২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের প্রশ্ন, সরকারের আর কী প্রয়োজন

বিভিন্ন বিষয়ে আদালতের নির্দেশনার প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিষয়ে আদালতের নির্দেশনার প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দায়ী করেছেন তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফখরুল বলেন, "সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে, দেশের ক্লাব, মাঠ-ঘাট, নদী থাকবে কি থাকবে না- তা সব আদালত নির্ধারণ করছে। এখন আদালতই দেশ চালাচ্ছে।" "এ অবস্থায় মনে হচ্ছে, সরকারের আর প্রয়োজন নেই," যোগ করেন এই বিএনপি নেতা। বর্তমান সরকারের সময়ে সর্বোচ্চ আদালতের এক রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে হয়। এ ছাড়া আদালত পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে। বিচারপতি এ বি এম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ থেকেই এসব রায় আসে। দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার অলিউল্লাহ নোমানের কারাবরণের বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামে বিএনপি সমর্থক একটি সংগঠন প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে। আদালত অবমাননার অভিযোগে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান ও নোমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আলোচনা সভায় বেহাল মহাসড়কের জন্য সরকারের 'দুর্নীতিকে' দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, "মোটা অঙ্কের কমিশন পেতে বড় বড় প্রকল্প গ্রহণ করে তারা (মহাজোট সরকার) মহাদুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে।" বর্তমান সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় নেই বলেও মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। তিনি বলেন, "কোথাও স্বস্তি নেই। সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হচ্ছে, সরকারের ভেতরে অস্থিরতা বিরাজ করছে, কোনো সমন্বয় নেই।" স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সা¤প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে মওদুদ বলেন, "আজ সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। সরকার মিডিয়ার বিরুদ্ধে যুুদ্ধ ঘোষণা করেছে। সত্য বলতে বাধা দিচ্ছে।" ২২ অগাস্ট এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেন, সংবাদ মাধ্যমের একটি অংশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। 'বস্তুনিষ্ঠ' সংবাদ প্রকাশের ক্ষেত্রে অলিউল্লাহ নোমান ও মাহমুদুর রহমানের 'সাহসিকতার' প্রশংসাও করেন মওদুদ। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/২০১০ ঘ.