ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকার তাৎক্ষণিক সহায়তায় একটি 'জরুরি তহবিল' গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ও অতিবৃষ্টিজনিত বন্যার ব্যাপারে মন্ত্রণালয়ের আগাম প্রস্তুতি ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুর্গত এলাকায় তাৎক্ষণিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরি তহবিল গঠনের পক্ষে মত দেওয়া হয়।
দেশের মৃতপ্রায় নদ-নদীর নাব্যতা পুনরুদ্ধার, নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া ড্রেজিং কার্যক্রমেরও পর্যালোচনা করা হয় এ বৈঠকে।
গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প (২য় পর্যায়), বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প, ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, চন্দনা-বারাসিয়া নদী পুনখনন প্রকল্প এবং কালনি-কুশিয়ারা নদী ড্রেজিং প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।
অন্যদের মধ্যে কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, মোহাম্মদ ফজলুল আজিম, এ বি এম আনোয়ারুল হক, মো. আব্দুর রহমান এবং আবদুল¬াহ আল ইসলাম জ্যাকব; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/১৯৪৩ ঘ.
bdnews24