২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান ধরে ওঠ-বস শেরপুরের ম্যাজিস্ট্রেটকে কাজে বিরত থাকার নির্দেশ

ইউপি নির্বাচনের সময় এক সদস্য প্রার্থীকে প্রকাশ্যে কান ধরে ওঠা-বসা করানোয় শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে দুই মাস কাজে বিরত থাকতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনের সময় এক সদস্য প্রার্থীকে প্রকাশ্যে কান ধরে ওঠা-বসা করানোয় শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে দুই মাস কাজে বিরত থাকতে বলেছে হাইকোর্ট। একটি রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। অভিযুক্ত ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে ইসমত উল্লাহর পক্ষে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হলে আদালত তা নাকচ করে ২৫ অক্টোবর তাকে আবার হাজির হতে বলে। ওই সময় পর্যন্ত তাকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। গত ১৮ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) চলার সময় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একাধিকবার প্রবেশের অভিযোগে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহ সদস্য পদপ্রার্থী গোলাম মোস্তফাকে প্রকাশ্যে ১৫ বার কান ধরে ওঠ-বস করান বলে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে এই রিট আবেদন করে। এরপর ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহকে তলব করে হাইকোর্ট। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আদেশের পর মনজিল বলেন, ইসমত উল্লাহ ২৫ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/আরএ/জেকে/১৯২৮ ঘ.