হবিগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের ফেরদৌসী বেগমকে সন্তানসহ আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নয় আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন- মাধবপুর উপজেলার আন্দিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, সদস্য তপন দে, ওই এলাকার ফজলুর রহমান চৌধুরী, আব্দুর রহিম, ফারুক মিয়া, মলাই মিয়া, আব্দুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী ও মহব্বত খান।
সালিশে ফেরদৌসীকে সমাজচ্যুত করার সিদ্ধান্তের পর হাইকোর্টের তলবে মঙ্গলবার তারা আদালতে যান। তখন হাইকোর্টের নির্দেশে আদালত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নয় জনকে বুধবার হবিগঞ্জের বিচারিক হাকিম সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে তোলা হয়। সেখানে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলে তা নাকচ করেন হাকিম।
সালিশের একদিন পর গত ১৫ অগাস্ট আন্দিপাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফেরদৌসী চার সন্তান নিয়ে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনি ও দুই সন্তান মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮২৬ ঘ.
bdnews24