২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কাগজের ফুল' নির্মাণে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

তারেক মাসুদের অসমাপ্ত চলচ্চিত্র 'কাগজের ফুল' নির্মাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক মাসুদের অসমাপ্ত চলচ্চিত্র 'কাগজের ফুল' নির্মাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং আশফাক মুনীরের (মিশুক) স্ত্রী মঞ্জুলী কাজী বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এই আশ্বাস দেন। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ আরো তিন জন। তারেকের স্ত্রী ক্যাথরিনও এতে আহত হন। মুক্তির গান ও মাটির ময়না চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রকার তারেক মাসুদের নতুন ছবি 'কাগজের ফুল' এর লোকেশন দেখতে মানিকগঞ্জ যায় দলটি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। ওই ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করার কথা ছিলো মিশুক মুনীরের। তারেকের স্ত্রী ক্যাথরিন নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক। ক্যাথরিনকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তারেক মাসুদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তার 'মুক্তির গান' ছিলো অন্ধকারে আলোর ঝলকানি।" সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে ক্যাথরিন মাসুদ প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মেয়ে ক্যাথরিনকে বাংলাদেশে থেকে তারেক মাসুদের অসমাপ্ত কাজ শেষ করার জন্যও অনুরোধ জানান শেখ হাসিনা। এছাড়া যে কোনো সমস্যায় মঞ্জুলীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মিশুক মুনীরের বাবা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, "তিনি ছিলেন আমার শিক্ষক।" মিশুক মুনীরের ছেলে সুহৃদ মুনীর, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্র-সিআরআইয়ের প্রধান নির্বাহী মাহাবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৮০৩ ঘ.