ঝিনাইদহ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে পুলিশের এক কর্মকর্তাকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিয়ে গেছে তার গুলিভরা পিস্তল ও ওয়াকিটকি।
নিহত উপপরিদর্শক মিরাজুল ইসলাম (৪৫) ঝিনাইদহ ডাক বাংলা পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, জেলা শহরে দাপ্তরিক কাজ সেরে ফাঁড়িতে ফেরার সময় রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। সকালে হলিধানী এলাকায় ভেটিরিনারি কলেজের কাছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে তার লাশ পাওয়া যায়।
মিরাজুলকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।
মিরাজুল তার মটর সাইকেল নিয়ে ফাঁড়িতে ফিরছিলেন। হত্যার পর দুর্বৃত্তরা তা নিয়ে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, "রাত সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে বাস মালিক সমিতির অফিসের সামনে মটর সাইকেলটি দুর্ঘটনায় পড়ে। তখন সন্ত্রাসীরা তা ফেলেই পালিয়ে যায়। স্থানীয় লোকজন মটর সাইকেলের পাশে পুলিশের টুপি ও মামলার কাগজপত্র দেখে থানায় খবর দেয়।"
খবর পেয়ে পুলিশ গিয়ে মটর সাইকেল উদ্ধারের পর মিরাজুলের সন্ধানে অভিযান শুরু করে। সকালে লাশের সন্ধান মেলে। তবে তার পিস্তল, গুলি ও ওয়াকিটকি পাওয়া যায়নি।
ওসি ইকবাল বলেন, মিরাজুল হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
নিহত মিরাজুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাকিয়া দিয়ারা গ্রামের আজাহার উদ্দিনের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ঝিনাইদহ জেলা শহরের আরাপপুরে থাকতেন।
তার স্ত্রী রাশেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী মঙ্গলবার সন্ধ্যার সময় এক বার বাসায় আসেন। তারপর রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ের উদ্দেশে বেরিয়ে যান।
এ দম্পতির রামিম ও তামিম নামে দু ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরন ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24