২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু সম্প্রদায়কে 'সোচ্চার' হতে বললেন ফখরুল

দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের 'অপশাসনের' বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত আড়াই বছরে সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্র"তিই রক্ষা করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 07:51 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের 'অপশাসনের' বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত আড়াই বছরে সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি। মঙ্গলবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, "দেশে সুশাসন নেই; গণতন্ত্রও নেই। সংখ্যালঘু সম্প্রদায়সহ পুরো দেশের মানুষ অশান্তি ও নির্যাতনের মধ্যে দিনযাপন করছে।" এ থেকে উত্তরণে শ্রীকৃষ্ণের দেখানো পথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিবছর জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করলেও এবার খালেদা জিয়া ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব দলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে গীতার অংশবিশেষ পাঠ করা হয়। ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার শারিকা সরকার বীনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ পাল ফ্রন্টের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপি নেতাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। মির্জা ফখরুল বলেন, "সরকার আড়াই বছরে জনগণকে দেওয়া কোনো প্রতিশ্র"তিই রক্ষা করতে পারেনি। বরং মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা। মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করছে।" বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা মামলা' করে এবং তারেক রহমানকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে ৮ অগাস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আদালতে জমা দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদার বড় ছেলে তারেক রহমানকে করা হয় প্রধান আসামি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বাতিল করে দেশে এক দলীয় শাসন চালু করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে অনুমোদন দেয় জাতীয় সংসদ। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। ওই সংশোধনীতে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন ফখরুল। ফ্রন্টের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোটেক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০১৪৪ ঘ.