বগুড়া, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় ছিনতাই করা আরো এক ট্রাক স্থানীয় ও জাতীয় দৈনিক উদ্ধার করেছে পুলিশ।
এ সময় হারুনর রশিদ নামে একজনকে আটক করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বগুড়া শহরের আটাপাড়ায় একটি সেমাই কারখানা থেকে এই পত্রিকাগুলো উদ্ধার করা হয়।
আটক হারুনর রশিদ ইসলামিয়া লচ্ছা সেমাই নামের কারখানাটির ব্যবস্থাপক।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, পত্রিকাগুলো মহাস্থান এলাকা থেকে ছিনতাই করে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানায় বিক্রি করেছিল।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সম্পর্কে সংবাদ প্রকাশ করায় সোমবার বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সংবাদপত্র বিক্রি ও পরিবহনে বাধা দেয় এবং ছিনতাই করে পরিবহন শ্রমিকরা।
এতে বগুড়া, নীলফামারী, গাইবান্ধা, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সোমবার সংবাদপত্র যায়নি।
এই পত্রিকা ছিনতাইয়ের ঘটনায় বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোহন মোল্লা বাদী হয়ে বগুড়া সদর থানায় মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম, এনাম ও পত্রিকা ক্রেতা রিপনসহ অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ওইদিনই পুলিশ ৯ হাজার পত্রিকাসহ রিপনকে গ্রেপ্তার করেছে।
সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোহন মোল্লা জানান, মামলার পর শুধু ক্রেতাদের গ্রেপ্তার করা হলেও ছিনতাইকারী মোটর শ্রমিক ইউনিয়নের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24