মানিকগঞ্জ, আগস্ট ২৩ অগাষ্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে মানিকগঞ্জে ব্র্যাকের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়।
মঙ্গলবার বিকালে আয়েশা আবেদ ফাউন্ডেশন নামের এই পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ হয়।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, দুপুর আড়াইটার দিকে ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনে এসে কারখানার নানা অনিয়মের কথা বলে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহানাজ সুলতানা ও শামীম মুশফিক।
এ সময় কারখানার ব্যবস্থাপক শ্যামল কুমার দাশকে তারা আটক করে নিয়ে যান বলে শ্রমিকরা অভিযোগ করে।
এর প্রতিবাদে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শ্রমিক আহত হয়।
মহাসড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, একজন ম্যাজিস্ট্রেট কারখানা থেকে বিনা পয়সায় পোশাক এবং নগদ টাকা দাবি করে না পেয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া জানান, পুলিশ শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের সড়ক থেকে হটিয়ে দেয়।
ম্যাজিস্ট্রেটের চাঁদাবাজির কথা অস্বীকার করে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থায় ক্রটি রয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। তাছাড়া কারখানার শ্রমিকরা রং মিশ্রনের সময় জুতা ও হাতে গ্লাভস পরে না। এ কারণেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, ওই প্রতিষ্ঠানকে কিস্তিতে জরিমানার দুই লাখ টাকা দিতে বলা হয়েছে।
ম্যাজিস্ট্রেট শাহানাজ সুলতানা বলেন, কারখানার ব্যবস্থাপক শ্যামল কুমার দাশকে গ্রেপ্তার করা হয়নি। মুচলেকা দেওয়ার জন্য তিনি নিজেই তাদের সঙ্গে যান। পরে আবার ফিরে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24