২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট নিয়ে কথা থাকলে আদালতে যান: সুরঞ্জিত

২১ অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথা না বলে আদালতে যেতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথা না বলে আদালতে যেতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, "এ চার্জশিট সরকার বা দল দেয়নি। এটি আদালতের কাজ। তাই এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগ নেই। প্রচলিত আইনেই এর বিচারের কাজ চলছে।" একদিন আগে বিএনপি নেতাদের জানানো প্রতিক্রিয়ার জবাবেই আওয়ামী লীগের এ সংসদ সদস্য এ কথা বললেন। ২১ অগাস্টের মামলায় এ সরকার আমলে অধিকতর তদন্তের পর গত মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের দাবি, 'ষড়যন্ত্র' করে তারেককে এ মামলায় ফাঁসানো হয়েছে। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে প্রাণ হারান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরঞ্জিত। তিনি বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত ছিলো না বলে বিএনপি যে দাবি করছে, আদালতে গিয়েই তা প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করতে পারলে আমরা খুশি হবো।" "এ মামলার এ পর্যন্ত তিনটি চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম চার্জশিটে জজ মিয়া নাটক সাজানো হয়েছে। ২০০৭ সালেই তত্ত্ববধায়ক সরকার জজ মিয়া নাটকের রহস্য উন্মোচন করেন। এবারের চার্জশিটে তারেকের নাম এসেছে। এ কারণেই বিএনপি মামলাটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাচ্ছে", বলেন সুরঞ্জিত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সাধারণ সম্পাদক তারানা হালিম। গ্রেনেড হামলায় আহতদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৬০৮ ঘ.