২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই বলছে, শুনছে কে

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একই সময়ে পাঁচটি সংগঠনের নয়টি মাইকের শব্দ শুনে দাঁড়িয়ে কিছু বুঝতে না পেরেই চলে গেলেন জনৈক পথচারী। যাওয়ার আগে বললেন, "আজব দেশ"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাবের সামনে নয়টি মাইকে চলছে বক্তৃতা। কারো দাবি বন্যা দুর্গতদের ত্রাণ, কারো নিরাপদ সড়ক। কেউ চিৎকার করছেন সড়ক দুর্ঘটনায় দোষীদের শাস্তির জন্য নতুন আইন চেয়ে। কেউ কামনা করছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আবার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে গলা ফাটাচ্ছেন কেউ কেউ। একই সময়ে একশ গজ দূরত্বের মধ্যে পাঁচটি সংগঠনের আলাদা অনুষ্ঠান থেকে এভাবেই ভেসে আসছিলো উচ্চ শব্দের কথামালা। দু-একজন সাংবাদিক বাদে শ্রোতা ছিলেন না কেউই। উৎস্যুক পথযাত্রীদের মধ্য থেকে যারা 'জ্বালাময়ী' বক্তব্য শুনতে খানিকক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন; একসঙ্গে এত মাইকের উচ্চ শব্দে তারাও বুঝতে পারেননি কোনো কথা। ঘটনা এখানেই শেষ নয়, পাঁচটি সংগঠন আলাদাভাবে অনুষ্ঠানগুলোর আয়োজন করলেও তাদের 'প্রধান বক্তা' ঘুরে ফিরে ছিলেন কয়েকজনই। এক জায়গার ব্যানার ধরে বক্তব্য শেষ করে অন্য জায়গার একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে কথা বলেছেন 'বিশেষজ্ঞ'দের মতোই। টেলিভিশনের দু'একজন চিত্রগ্রাহকও ঘুরে ঘুরে 'ভালো বক্তা' যেখানে কথা বলছেন, সেখান থেকেই ফুটেজ নিলেন। আর আলোকচিত্র সাংবাদিকরা অনুরোধ-অনুযোগ করে 'ভালো' ছবি পেতে 'ঠিকঠাক' দাঁড় করিয়ে, ১৫/২০ জনের মানববন্ধনকে আরো আরো লম্বা দেখাতে কৌশল খাটিয়ে ছবি তুললেন। আটটি মাইক আর একটি হ্যান্ডমাইক মিলিয়ে নয়টি মাইক থেকে উচ্চ শব্দে ভেসে আসা পাঁচ সংগঠনের একই সঙ্গে বিভিন্ন দাবিতে দেওয়া বক্তৃতার কোনো কথাই বুঝতে পারছিলেন না ব্যাংক কর্মকর্তা আবুল কামাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে চিল্লাচিল্লি ¬করলে কে শুনবে কার কথা, বলেন তো ভাই।" "আসলেই কি আমরা এত এত সমস্যার মধ্যে আছি", প্রশ্ন আবুল কালামের। চলে যাবেন, নাকি আরো খানিকক্ষণ 'বক্তব্য' শুনবেন- এমন ভাবনা শেষে পা বাড়ালেন নিজ গন্তব্যে। যাওয়ার আগে ছোট্ট করে বললেন, "আজব দেশ"। ওই এলাকায় নিয়মিত যাতায়াত আছে দাবি করে জনৈক কোহিনুর মিয়া বলেন, প্রেসক্লাবের বাইরে অনুষ্ঠান করতে কোনো টাকা লাগে না বলেই এখানে এত অনুষ্ঠান হয়। সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তা চেয়ে মানববন্ধন করে নাগরিক সংহতি সিএসআরএল। সা¤প্রতিক বন্যায় খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কলারোয়া, আশাশুনি এবং যশোরের মনিরামপুর ও কেশবপুর এলাকার সাড়ে ৭ লাখ মানুষকে ত্রাণ ও পুনর্বাসন সাহায়তা চেয়ে তারা কর্মসূচি পালন করে তারা। একই সময়ে সেখানে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সড়ক দুর্ঘটনারোধে নতুন আইন প্রণয়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। নিরাপদ সড়কের দাবিতে ওই একই সময়ে সেখানে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া কনটিনিউয়াস ডিচার্জ সার্টিফিকেট (সিডিসি) প্রদানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মেরিন ফিসারিজ একাডেমির ক্যাডেট ও অভিভাবকদের মানববন্ধনটিও সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মেরিন ফিসারিজ একাডেমির ক্যাডেট মোহাম্মদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসপি পাস করে যারা ছয় মাসের একটি কোর্স করেন তাদেরও সিডিসি দিচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। "আন্দোলন করতে গিয়ে পুলিশের মার খেয়ে, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে মিছিল-সমাবেশ-মানববন্ধন করেও আমরা সিডিসি পাচ্ছি না", আক্ষেপ করেন নূর। নূরের এ আক্ষেপ শুনে ভাম্যমান বিক্রেতা শফিক বলেন, "সাংবাদিকরা অহন আর মানুষের খবর লয় না বলে মানুষজনই এ্যাহন সাংবাদিকগোর কাছে আহে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৪০ ঘ.