মৌলভীবাজার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাউয়াছড়া বন থেকে বেরিয়ে আসা সাত প্রজাতির বন্যপ্রাণীকে শ্রীকৃষ্ণের জন্মদিনে পুনরায় ছেড়ে দেওয়া হলো আপন ঠিকানায়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকার 'বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন' প্রতি বছরের মতো এবারো ব্যতিক্রমী এ আয়োজন করে।
বনে ছেড়ে দেওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে- একটি মেছো বাঘ, একটি লজ্জাবতী বানর, দুটি বন বিড়াল, একটি ভারতীয় বানর, একটি ধনেশ পাখি, একটি উড়ন্ত কাঠবিড়ালী ও একটি কচ্ছপ।
এছাড়াও প্রাণীর খাবার হিসাবে লাউয়াছড়া বনের পাহাড়ি ছড়ায় ৫০০ কাঁকড়া ও ১০০ হিলফিস (কুচিয়া) ছাড়া হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়ার গভীর জঙ্গলে প্রাণীগুলো ছেড়ে দেন সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। এছাড়াও তিনি সেখানে একটি ফলের গাছের চারাও রোপণ করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সভাপতি সিতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রাণীগুলো লাউয়াছড়া বন থেকে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। তখন এদের কেউ কেউ আহতও হয়।
সেবাশ্রমে সুস্থ করে তোলার পর প্রাণীগুলোকে জন্মাষ্টমীর শুভ দিনে ছেড়ে দেওয়া হলো বলে জানান তিনি।
মেছো বাঘটি শ্রীমঙ্গলের বরুনা গ্রামের হাজীপুর এলাকার মহসীন মিয়ার হাঁসের খামারে ধরা পড়ে। হাঁস খেতে গেলে গ্রামবাসী এটিকে আটক করে। খবর পেয়ে সিতেশ বাঘটিকে নিজের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন।
আর বনবিড়াল দুটি শ্রীমঙ্গলের দ্বারিকাপাল মহিলা কলেজের ছাদ থেকে উদ্ধার করা হয় বলে জানান সিতেশ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, "ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে প্রাণীগুলোকে লাউয়াছড়ার বনে তাদের আপন ঠিকানায় ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।"
প্রাণীগুলোকে বনে ছাড়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনবিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) মো. মাহবুবুর রহমান, মৌলভীবাজার বনভিাগের সহকারী বনসংরক্ষক মোল্লা নুরুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.
bdnews24