ভোলা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-লক্ষ্মীপুর নৌপথে পারাপারের তিনটি ফেরির মধ্যে দুইটিই অচল হয়ে পড়ে আছে। পারাপারের কাজ চলছে একটি দিয়ে।
ফলে এই পথে চলাচলকারী বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুরসহ পাঁচ জেলার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। উভয় পাড়ে আটকে আছে প্রায় দুই শতাধিক যানবাহন।
আগে ভোলা-লক্ষ্মীপুর জলপথে কস্তুরি, কামিনী নামে দুটি ফেরি চলাচল করতো। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত ৯ জুলাই যুক্ত করা হয় কিষাণী নামে আরেকটি ফেরি।
এর মধ্যে কামিনী বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। গত বুধবার পারাপারের সময় কিষাণী চরে আটকা পড়ে। এখনো সেটিকে উদ্ধার করা যায়নি। ফলে কস্তুরি দিয়েই চলছে এই জলপথে যানবাহন পারাপারের কাজ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এর ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ফেরি দিয়ে পারাপারের কাজ চলায় অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিদিনই দুই পাড়ে বেশ কিছু যান আটকা পড়ে।
তিনি জানান, কিষাণীকে উদ্ধারে অভিযান চলছে।
কস্তুরির মাস্টার আবদুল মোকতাদির জানান, এই জলপথে রামদাসপুর চ্যানেলে পানি কম থাকায় ভাটার সময় চলাচল করা যায় না। অবিলম্বে ড্রেজিং করা দরকার।
এদিকে, ফেরিঘাটে আটকে পড়া যানবাহন চালক ও যাত্রীরা জানিয়েছেন, তাদের অনেকেই দুই-তিন দিন অপেক্ষা করার পর পার হতে পারছেন। পাড়ে নিরাপত্তা ব্যবস্থাও ভালো না বলেও অভিযোগ করেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৯ ঘ.
bdnews24