২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের অর্থ লুটপাট হচ্ছে: ফখরুল

বরাদ্দ না পাওয়া নয়, অর্থ লুটপাট হয়ে যাওয়ায় সড়ক-মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেছে বিএনপি। তাদের আশঙ্কা, ঈদের আগে মেরামতের টাকাও লোপাট হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাদ্দ না পাওয়া নয়, অর্থ লুটপাট হয়ে যাওয়ায় সড়ক-মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেছে বিএনপি। তাদের আশঙ্কা, ঈদের আগে মেরামতের টাকাও লোপাট হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এ সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে পৌনে তিন বছরে ১ হাজার ৭৩৪ কোটি ৪২ লাখ টাকার কোনো কাজ হয়নি বলেই মহাসড়ক-আঞ্চলিক ও জেলা সড়কগুলোর এ নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। দলীয় লুটেরা বাহিনী ওই অর্থ ভাগ-বাটোয়ারা করে নিয়েছে।" বেহাল মহাসড়ক নিয়ে সরকারি দলের ভেতরেও সমালোচনা রয়েছে। যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে সংসদেও। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ জন্য অর্থ বরাদ্দ না পাওয়াকে দায়ী করেছেন। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের তদারকির অভাবই এর কারণ। অর্থ ও যোগাযোগমন্ত্রীর বাগযুদ্ধের সমালোচনা করে প্রধান বিরোধী দলের মুখপাত্র ফখরুল বলেন, "আমরা মন্ত্রীদের এরকম বাহাস শুনে বিস্মিত হই। খোদ মহাজোটের সিনিয়র নেতারা এরকম ন্যাক্কারজনক বির্তকের নিন্দা করলেও ওই সব মন্ত্রীরা কেউই পদত্যাগ করেননি।" সরকারের সমালোচনা করে তিনি বলেন, "এ সরকার ব্যর্থ মন্ত্রীদের সরকার। গোটা মন্ত্রিসভাই ব্যর্থ। তাই তাদের পদত্যাগ করা উচিৎ। নইলে গণবিস্ফোরণেই এ সরকারের পতন ঘটবে।" বিভিন্ন সড়কের বেহাল অবস্থার চিত্র তুলে ধরে ফখরুল বলেন, গত ৪০ বছরের মধ্যে সড়কের এমন দশা কখনো হয়নি। মানুষজন শান্তিতে ও নিরাপদে বাড়ি ফিরে ঈদ উৎসব করতে পারবে কি না, এ নিয়ে শঙ্কা রয়েছে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য তুলে ধরে বিএনপি নেতা বলেন, ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত সড়ক রক্ষণাবেক্ষণ খাতে ১৬৬৭ কোটি ৪২ লাখ টাকা এবং সড়ক সংস্কার ও মেরামতের জন্য বিশেষ প্রকল্পে ১০৭ কোটি ব্যয় করা হয়েছে। সর্বমোট ১৭৭৪ কোটি ৪২ লাখ টাকা যথাযথভাবে ব্যয় হলে মহাসড়কগুলো বেহাল হতো না। অর্থপ্রাপ্তি সাপেক্ষে ঈদের আগে বিধ্বস্ত সড়ক মেরামত শেষ হবে যোগাযোগমন্ত্রীর এ আশ্বাসকে 'মিথ্যা' অভিহিত করে ফখরুল বলেন, এর অর্থই হলো বিনা টেন্ডারে দলীয় লোকদের মধ্যে কাজ বণ্টন করা। তাতে দলীয় লোকেরা কোনো কাজ না করে অথবা নাম মাত্র কাজ করে সব টাকা লুট করে নিয়ে যাবে। "ঈদের আগে ৭/১০ দিনের মধ্যে নিুমানের ইট-ঝামা নিক্ষেপ করে কিছু খানাখন্দ দিয়ে আপাতত গাড়ি চলাচলের ব্যবস্থা হয়তো করা যাবে, কিন্তু এ ধরনের কাজ টেকসই হবে না। এতে লুটেরাদের পকেট পুরবে, কিন্তু জনগণের ভোগান্তির শেষ হবে না", যোগ করেন তিনি। নৌমন্ত্রী মো. শাজাহানের সুপারিশে ২০ হাজারের অধিক ব্যক্তিকে বিনা পরীক্ষায় ভারী যানবাহনের লাইসেন্স দেওয়াকে 'ঠাণ্ডা মাথায় হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে' বলে মন্তব্য করেন ফখরুল। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম, এ বি এম মোশাররফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২৬ ঘ.