২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাঁদাবাজ' পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজশাহীতে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে রাজশাহীর আট পুলিশ সদস্য, এর মধ্যে রাজশাহীতে মহানগর পুলিশের এক সহকারী কমিশনারও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

রাজশাহী, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে রাজশাহীর আট পুলিশ সদস্য, এর মধ্যে রাজশাহীতে মহানগর পুলিশের এক সহকারী কমিশনারও রয়েছেন। গ্রেপ্তার অন্যরা হলেন দুই উপ-পরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবল। অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) তৌফিকুল ইসলাম, রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোস্তফা, আখতার হোসেন, ইসলাম হোসেন ও সবুজ মিয়া। সোমবার সকালে পুলিশ লাইন থেকে তাতের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন। বুধবার রাতে নগরের ঝাউতলা এলাকার চিকিৎসক এআর বসুনিয়ার বাড়ি থেকে এ পুলিশ সদস্যরা ৯০ হাজার টাকা চাঁদা নেন বলে অভিযোগ রয়েছে। ঘটনা প্রকাশিত হলে ওই পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করে নেওয়া হয়। রাজপাড়া থানার ওসি জানান, বসুনিয়া রোববার রাতে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। আট পুলিশ সদস্যকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩১০ ঘ.