২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কপোতাক্ষ খননে টাকা যাচ্ছে, কাজ হচ্ছে না'

বিগত চারদলীয় জোট ও বর্তমান মহাজোট সরকারের সময় দক্ষিণাঞ্চলের কপোতাক্ষ নদের নাব্যতা রক্ষায় প্রায় ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ কিছুই হয়নি অভিযোগ তুলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এ কারণে ২০ লাখ মানুষ এবারো পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চারদলীয় জোট ও বর্তমান মহাজোট সরকারের সময় দক্ষিণাঞ্চলের কপোতাক্ষ নদের নাব্যতা রক্ষায় প্রায় ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ কিছুই হয়নি অভিযোগ তুলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এ কারণে ২০ লাখ মানুষ এবারো পানিবন্দি হয়ে পড়েছে। জাতীয় প্রেসক্লাবে সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে 'মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড)' ও 'ঢাকাস্থ পাইকগাছা উপজেলাবাসী'। এতে অভিযোগ করা হয়েছে, সামান্য কিছু কাজ দেখিয়ে বরাদ্দের প্রায় পুরো টাকাই চলে গেছে কারো না কারো পকেটে। ফলে প্রবল বর্ষণের পানি কপোতাক্ষ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে খুলনা ও সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুজ্জামান। উপস্থিত ছিলেন মেড চেয়ারম্যান মাহাবুব উল ইসলাম, নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ, ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব নিখিল ভদ্র ও পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গোলাম মোস্তফা। সাংবাদিক নিখিল ভদ্র বলেন, চারদলীয় জোট সরকারের সময় কপোতাক্ষ রক্ষায় নদী খনন ও পানির প্রবাহ বাড়াতে তিন দফায় ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়। বর্তমান সরকারও দায়িত্ব নেওয়ার পর একই কাজের জন্য দিয়েছে ২৮০ কোটি টাকা দিয়েছে। কিন্তু এতে কপোতাক্ষের নাব্যতার উন্নয়নে তেমন কোনো কাজই হয়নি। "ছোট ছোট প্রকল্পের আওতায় এসব অর্থ বরাদ্দ ও ব্যয় করা হয়েছে। ফলে ঠিকাদাররা সামান্য কাজ করে অথবা কাজ না করেই অর্থ তুলে আত্মসাৎ করেছেন। যার বিরূপ প্রভাব পড়েছে খুলনা ও সাতক্ষীরা সাধারণ মানুষের ওপর। লাখ লাখ মানুষকে গৃহহীন হয়ে পড়তে হয়েছে", বলেন তিনি। উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- কপোতাক্ষ খননের ও জলাবদ্ধতা দূর করে মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া, ঈদের আগেই খুলনা, পাইকগাছা ও কয়রা মহাসড়ক সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া। রশিদুজ্জামান বলেন, জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। তবে তা চাহিদার তুলনায় অত্যন্ত কম। এসব এলাকায় ত্রাণ সরবরাহ আরো বাড়িয়ে আটকা পড়া মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে ঈদের আগেই এসব মানুষের ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২৪০ ঘ.