গাজীপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে জুলাই মাসের বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
এরপর তারা আধঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রাত ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোজায়েত হোসেন শ্রমিকদের বরাত দিয়ে জানান, গাজীপুর সদর উপজেলার ছয়দানা এলাকার ইস্টওয়েস্ট কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের জুলাই মাসের অর্ধেক বেতন দিলে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুলাই মাসের অর্ধেক বেতনসহ অগাস্ট মাসের বেতন ঈদের আগে পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা কারখানার গেট, জানালার কাচ, ফটোকপি মেশিন, কম্পিউটার ভাংচুর করে।
এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে পাশের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। পরে তাদের মৃদু লাঠিপেটা করে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৬ ঘ.
bdnews24