২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া-পাবনা যান চলাচল বন্ধের ঘোষণা

কুষ্টিয়া-পাবনা মহাসড়ক সংস্কারের দাবিতে সোমবার থেকে যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

কুষ্টিয়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা মহাসড়ক সংস্কারের দাবিতে সোমবার থেকে যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। রোববার দুপুরে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে মালিক-শ্রমিকদের এক যৌথ সভা শেষে জানানো হয়, সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত এ রুটে যানবাহন চলবে না। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্কারের অভাবে কুষ্টিয়া থেকে লালনশাহ সেতু পর্যন্ত সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবুল ফজল সেলিম আরো জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে রোববারের মধ্যে সড়ক সংস্কারের জন্য লিখিতভাবে জানানো হয়েছিলো। কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে তাদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ট্রাক ও ট্যাংকলরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানসহ পরিবহন সংশ্লিষ্ট সাতটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সওজ-এর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান জানান, পাঁচদিন আগে মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক সংস্কারের আল্টিমেটাম দেন। কিন্তু এই সময়ের মধ্যে কীভাবে সড়ক সংস্কার করা সম্ভব? তিনি বলেন, তারপরও যে জায়গাগুলোতে বেশি খানাখন্দ তৈরি হয়েছিলো সেখানে রাবিশ ফেলে কিছুটা যান চলাচলের উপযুক্ত করা হয়েছে। সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে চাপ রয়েছে বলেও জানান সওজ প্রকৌশলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১০ ঘ.