ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরপর তিন সভায় মন্ত্রী ও সচিবের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির একজন সদস্য বৈঠকে জানান, বারবার সময় দেওয়ার পরও ল্যাপটপ বাজারে না আসায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের।
রোববার সংসদ ভবনে এ সংক্রান্ত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনু বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে কমিটির সদস্য গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, "পর পর বৈঠকে মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কমিটির কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বৈঠক শুরুর দীর্ঘক্ষণ পরে উপস্থিত হলেও জরুরি কাজ থাকায় বৈঠক শেষ হওয়ার আগেই চলে যান। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।"
কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস ক্ষুব্ধ হয়ে এর পর থেকে আর বৈঠকে না আসার ঘোষণা দেন বলে জানান কমিটির এ সদস্য।
তিনি বলেন, "বার বার সময় দিয়েও মন্ত্রণালয় ল্যাপটপ বাজারে ছাড়তে পারেনি। এ নিয়ে সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধি হিসেবে নানা কথা শুনতে হচ্ছে।"
গত ৮ জুলাই টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (টেশিস) গাজীপুর কারখানায় এই ল্যাপটপের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
উৎপাদন কাজ পরিদর্শন শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ 'দোয়েল' চলতি মাসেই বাজারে আসছে। দোয়েলের ন্যূনতম দাম হবে ১২ হাজার টাকা।
"স্কুল-কলেজের শিক্ষার্র্র্থীসহ সর্বস্তরের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপ তুলে দেওয়া হবে। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে।"
এর আগেও ল্যাপটপ বাজারে আসার সময় জানিয়েছিলেন মন্ত্রী। তবে সেই ল্যাপটপ বাজারে আসেনি।
গত ৬ জুন সংসদে প্রশ্নোত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, অতি সহসাই (চলতি জুনের মধ্যে) টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) উৎপাদিত ল্যাপটপ বাজারজাত করা সম্ভবপর হবে।
ডাক বিভাগের 'ব্রান্ড নেমের' খোঁজে
বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের জানান, ডাক বিভাগের জন্য একটি 'ব্র্যান্ড নেম' প্রবর্তন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। সংক্ষিপ্ত ও শ্রুতিমধুর করে এর নাম 'বাংলাদেশ পোস্ট' রাখা যায় কি না তা নিয়ে আলোচনা হয়।
এছাড়া ডাক বিভাগকে আধুনিকায়নের অংশ হিসেবে একে আরও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে এর লোগো পরির্তনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির সুপারিশ করা হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিটিসিএলের বকেয়া বিল বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সরকারের কাছে প্রায় ৫০ কোটি এবং বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় ৪'শ কোটি টাকা বিটিসিএলের বকেয়া রয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিটিসিএল-এর প্রাপ্ত বকেয়া কমিয়ে আর্থিক শৃঙ্খলা আরও জোরদার করার সুপারিশ করা হয়। বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোন সময়ে কত বকেয়া তার একটি কাঠামো তৈরি করে কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে মোবাইল ও ইন্টারনেট টাওয়ার স্থাপন সম্পর্কিত নীতিমালা নিয়ে আলোচনা হয়।
কমিটির সদস্য হুইপ আ স ম ফিরোজ, মো. আব্দুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৮ ঘ.
bdnews24